ঠাকুরগাঁওয়ে হরতালে পুলিশের লাঠিপেটা, আটক ৩
ঠাকুরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সময় নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে বিএনপির ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল সারা দেশে হরতাল কর্মসূচি পালন করা হয়। প্রসঙ্গত, ঠাকুরগাঁও মির্জা ফখরুলের নিজ জেলা ও নির্বাচনী এলাকা।সকাল ছয়টা থেকেই পুলিশ শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এর মধ্যে পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে পিকেটিং শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সদর উপজেলার সালন্দর, পল্লী বিদ্যুৎ, উনত্রিশ মাইল, ভেলাজান, ভুল্লি বাজার, বড় খোঁচাবাড়ী ও বকশের হাটসহ বিভিন্ন এলাকায় পিকেটাররা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করতে থাকেন।বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান মোড়ে বিএনপির কর্মীরা ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে গাড়িটির কাচ ভেঙে যায়। এ ছাড়া ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের উনত্রিশ মাইল এলাকায় পিকেটাররা প্রথম আলো পত্রিকাবাহী একটি পিকআপের কাচ ভেঙে দেয়। পিকেটাররা পিকআপটি তিন ঘণ্টা আটকে রাখে।বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি মিছিল জজ আদালত থেকে বের হয়ে শহীদ মোহামঞ্চদ আলী সড়কে বিএনপির কার্যালয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে বিএনপি নেতা-কর্মীদের একটি মিছিল চৌরাস্তায় পৌঁছার পর পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের বাধায় মিছিলটি শহরের তিতুমীর সড়ক দিয়ে ঘুরে আবার চৌরাস্তায় পৌঁছার পর পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ চৌরাস্তা থেকে হরতাল-সমর্থক রেজাউল করিম (৩২), মো. রাজু (২২) ও পুতুলকে (২৫) আটক করে।পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান জানান, পুলিশের বেপরোয়া লাঠিপেটায় বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে।এদিকে জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মামুনুর রশীদ জানান, দলের কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপি অনির্দিষ্টকালের হরতালের ঘোষণা দিলেও শনিবার পর্যন্ত হরতাল স্থগিত করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন জানান, বিএনপির নেতা-কর্মীদের মিছিলের কারণে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়েছে।দুটি মামলা: গত বুধবার ঠাকুরগাঁও শহরে ভাঙচুরের অভিযোগে বুধবার রাতে দ্রুত বিচার আইনে একটিসহ দুটি মামলা হয়েছে। এ ঘটনায় বুধবার আটক ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, একাধিক ব্যাংক ও বিমা কার্যালয়, যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। বুধবার আটক জাহিদ হাসান (২০), আরিফ হোসেন (২০), শামীম (২০) ও হুসেন আলী (১৯) নামের চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।এ ছাড়া সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় অপর মামলাটি করেছেন এসআই শ্যামল কুমার বর্মণ। এ ঘটনায় আবু নোমান (২৮), মানু (২০), খোকন মিয়া (১৮), হাফিজ (২২), গোলাম মোস্তফা (২০), বাবু (২৬), ইকবাল বিন আনোয়ার (৩৫), ফারুক (২৪), সাদেকুর রহমান (৩৯) ও আবু বকর সিদ্দিককে (১৮) গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।