ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও হানাদারদের কবল থেকে মুক্ত হয়। মুক্ত দিবস উপলক্ষে গতকাল শনিবার জেলায় বিভিন্ন আয়োজন করা হয়। পীরগঞ্জ উপজেলায়ও দিবসটি পালন করা হয়েছে।
বেলা ১১টার দিকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ এলাকায় মুক্ত দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান আকবর হোসেন এর উদ্বোধন করেন। সেখান থেকে মুক্তি শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মুক্ত নাটক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পীরগঞ্জে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পৌরসভা ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের করা হয়।
দুপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসিন আলী। মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান এতে সভাপতিত্ব করেন। জেলার মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ নভেম্বর মিত্রবাহিনীকে রুখতে ঠাকুরগাঁওয়ের ভুল্লি সেতু উড়িয়ে দেয় হানাদার বাহিনী। তারা ঠাকুরগাঁও শহরের সালন্দর এলাকার পথে পথে মাইন পেতে রাখে। মিত্রবাহিনী ভুল্লি সেতু মেরামত করে ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে এগিয়ে আসে। ২ ডিসেম্বর প্রচণ্ড গোলাগুলির পর হানাদাররা পিছু হটে। ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ঠাকুরগাঁও শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়।