ঠাকুরগাঁওয়ে হিমাগারের ‘স্লিপ’-এর কৃত্রিম সংকট
গত মৌসুমে ভালো লাভ পেয়ে চলতি মৌসুমে চার বিঘা জমিতে আলু আবাদ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া গ্রামের কৃষক আবদুস সামাদ। উত্পাদিত আলু হিমাগারে সংরক্ষণের জন্য ‘আগাম স্লিপের’ আশায় তিনি বিভিন্ন হিমাগারে হন্যে হয়ে ঘুরেছেন। কিন্তু কোথাও ‘আগাম স্লিপ’ পাননি। সব হিমাগারের আগাম স্লিপ বিতরণ এরই মধ্যে শেষ। সামাদের মতে, হিমাগার কর্তৃপক্ষের সহায়তায় কতিপয় মজুদদার ও ব্যবসায়ী কৃষকদের আলু কম দামে বিক্রিতে বাধ্য করার জন্য হিমাগারগুলোয় আলু সংরক্ষণের আগাম স্লিপ আগেভাগেই নিয়ে রেখেছেন। এতে আগাম স্লিপের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় কৃষকদের আলু ও আলুবীজ সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।জেলার বিভিন্ন হিমাগার ঘুরে দেখা গেছে, প্রায় সব হিমাগারে আলু সংরক্ষণের আগাম স্লিপ বিতরণ শেষ। ‘আলুর আগাম স্লিপ বিতরণ সমাপ্ত’ লেখা সাইনবোর্ড বিভিন্ন হিমাগারের প্রধান ফটকে টানিয়ে দেওয়া হয়েছে। স্লিপ না পেয়ে কৃষকেরা দিশেহারা হয়ে ছুটছেন এক হিমাগার থেকে অন্য হিমাগারে। সদর উপজেলার নারগুন গ্রামের কৃষক আবদুল বারেক বলেন, হিমাগার কর্তৃপক্ষ আলু সংরক্ষণের নামে নামমাত্র ‘আগাম স্লিপ’ বিতরণ করেছে। সেসব স্লিপ মজুদদার ও ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছেন। কৃষকেরা অভিযোগ করেন, প্রকৃত কৃষকেরা এখনও স্লিপ সংগ্রহ করতে পারেননি। এ কারণে কৃষকেরা ক্ষেত থেকে আলু তোলার সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে বাধ্য হবেন। আর কৃষকেরা আগামী মৌসুমে আবাদ করার জন্য আলুবীজও সংরক্ষণ করতে পারবেন না। এতে আলুর দাম কমে আসবে এবং আগামী মৌসুমে আলুবীজের সংকটে আলুর আবাদও কম হবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় আলু উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৩২ হাজার টন। জেলায় আলু সংরক্ষণের জন্য সাতটি হিমাগার রয়েছে। সেখানে ৩৯ হাজার ৭৮৪ টন আলু সংরক্ষণের সুবিধা রয়েছে। অন্যদিকে পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে এক লাখ ১৮ হাজার ৯৩২ টন আলু উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পঞ্চগড়ে কোনো হিমাগার না থাকায় সে জেলার কৃষকেরা আলু সংরক্ষণের জন্য প্রতি বছর ঠকুরগাঁওয়ের হিমাগারগুলোতে ভিড় করেন। বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামের বেলাল হোসেন জানান, হিমাগারগুলোতে আলু সংরক্ষণের আগাম স্লিপ না পেয়ে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে বস্তাপ্রতি ৫০ টাকা দরে ১০০টি স্লিপ কিনেছেন। অথচ হিমাগারগুলো থেকে এ স্লিপ বিক্রি হয়েছে মাত্র ৩০ টাকায়। শাহী হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, তাঁদের হিমাগারের ধারণ ক্ষমতা এক লাখ ২০ হাজার বস্তা। সেই ধারণ ক্ষমতার বিপরীতে মাত্র ১৫ হাজার স্লিপ ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক দলিল উদ্দিন বলেন, আলু আবাদের ক্ষেত্রে হিমাগারের স্থানস্বল্পতা একটি মারাত্মক সমস্যা। কৃষকেরা তাদের আলুবীজ হিমাগারে সংরক্ষণ করতে না পারলে পরের মৌসুমে আলুর আবাদ আশঙ্কাজনক হারে কমে আসবে।