ঠাকুরগাঁওয়ে ১৪৫টি কমিউনিটি ক্লিনিকে দুই মাস ধরে ওষুধ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের ১৪৫টি কমিউনিটি ক্লিনিকে দুই মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নেই। এতে রোগীরা ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামের দরিদ্র মানুষকে বিনা খরচে চিকিৎসাসেবা দিতে ঠাকুরগাঁওয়ে ১৪৫টি কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়। এখানে সর্দি, জ্বর, আমাশয়, মাথাব্যথাসহ নানা রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাসেবা দিতে প্রতিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়েছে। এসব ক্লিনিকে চার মাসের জন্য ৪ হাজার প্যারাসিটামল বড়ি, ৪ হাজার অ্যান্টাসিড, ২ হাজার হিস্টাসিন, ৪০০টি খাওয়ার স্যালাইনসহ ২৮ প্রকারের ওষুধ সরবরাহ করা হয়। গত ফেব্রুয়ারি মাসের পর থেকে এসব কমিউনিটি ক্লিনিকে আর কোনো ওষুধ সরবরাহ করা হয়নি।
গত বুধবার সকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ওষুধ সরবরাহ না থাকায় সিএইচসিপি রোগীদের চাহিদামতো সেবা দিতে পারছেন না। ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে অনেক রোগী। সেখানে চিকিৎসা নিতে আসা ফাড়াবাড়ি গ্রামের পাতলি রানী বলেন, ‘বাড়ির কাছে ক্লিনিক হয়া হামার কী লাভ হইল? এইঠে আসিলেই খালি ওসুদ নাই, ওসুদ নাই।’
ফাড়াবাড়ি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা সিএইচসিপি সুবাস চন্দ্র রায় বলেন, এ ক্লিনিকের আওতায় প্রায় ৬ হাজার মানুষ রয়েছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ জন রোগী চিকিৎসা নিতে আসে। যে পরিমাণ ওষুধ পাই, তা দেড়-দুই মাসেই শেষ হয়ে যায়। এরপর হাত গুটিয়ে বসে থাকতে হয়। এখানে দুই মাস ধরে রোগীদের চাহিদামতো ওষুধ বিলি করা যাচ্ছে না। ওষুধের বরাদ্দ দ্বিগুণ করা হলে এ সমস্যা থাকবে না।
বালিয়াডাঙ্গীর থুকরাবাড়ি গ্রামের খিলশ্বরী রানী (৫৫) সর্দি–জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার রত্নাই কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন। কিন্তু ওই ক্লিনিকের সিএইচসিপি তাঁকে ভিটামিন ও পেটব্যথার ওষুধ ছাড়া আর কোনো ওষুধের সরবরাহ নেই বলে জানিয়ে দেন।
চিকিৎসা নিতে এসে মো. বাবুল নামের এক রোগী বলেন, ওষুধ তো দূরের কথা, ক্লিনিকে ব্লাডপ্রেসার মাপার মেশিন, থার্মোমিটার ও ওজন মাপার মেশিনও নষ্ট।
রত্নাই কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবদুস সালাম বলেন, ক্লিনিকে ওষুধ সরবরাহ নেই। ওষুধ না পেয়ে অনেক সময় রোগীরা তাঁর সঙ্গে খারাপ আচরণ করে। ওষুধ না থাকলেও সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ক্লিনিক খুলে বসে থাকতে হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. নাজিরুল আজিজ বলেন, কমিউনিটি ক্লিনিকে ওষুধ–সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওষুধ সরবরাহ না পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ বা কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ করা হয়। সেখান থেকে যে বরাদ্দ দেওয়া হয়, তা প্রতিটি ক্লিনিকে ভাগ করে দেওয়া হয়। কয়েক দিনের মধ্যে ক্লিনিকগুলো ওষুধ পেয়ে যাবে।