ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউন
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে করোনার সংক্রমণ রোধে ৭ দিনের কঠোর বিধিনিষেধের আজ বুধবার ছিল শেষ দিন। করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতির কারণে সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন চলবে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনলাইনে আলোচনায় যুক্ত হন পরিকল্পনা কমিশনের সদস্য ও ঠাকুরগাঁও জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব শরিফা খান।

সভায় সিদ্ধান্ত হয়, সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শপিং মল, রেস্তোরাঁ, মুদিদোকান ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মাছের বাজার ও ফলের দোকান খোলা থাকবে। এ ছাড়া জেলার পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। বন্ধ থাকবে সাপ্তাহিক হাট ও গরুর হাট। জেলার ভেতরে ও আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন, ইজিবাইক, থ্রি-হুইলারসহ সব যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্পসংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এর আওতাবহির্ভূত। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সভা শেষে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মো. মাহফুজার রহমান সরকার বলেন, ঠাকুরগাঁওয়ে করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে। জেলার করোনা পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় খারাপ। এ বিবেচনায় ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত জেলায় সাত দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ৩০ জুন সন্ধ্যা পর্যন্ত গোটা জেলায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত ১১ হাজার ৭২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত (২২ জুন) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন।

বিধিনিষেধ আরোপের শুরুতে জেলায় ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়। আর করোনা শনাক্ত হয়েছে ৩৩০ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ১৯ শতাংশ। এ সময়ে মারা গেছেন নয়জন।

এর আগে ১৬ জুন জেলায় ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত জেলায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে জেলা করোনা কমিটি।