ঠাকুরগাঁওয়ের আবদুল মান্নান হত্যা মামলার আসামি নওগাঁয় গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল মান্নান হত্যা মামলার মূল আসামি সজীব দত্তকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সজীব দত্ত ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক। আজ সোমবার ভোরে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আসামি সজীব দত্ত শহরের পার-নওগাঁ এলাকায় তাঁর আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছেন—এমন খবর পান তাঁরা। এই খবরের ভিত্তিতে শহরের ওই এলাকার বাসিন্দা অসীম দত্তের বাড়িতে অভিযান চালিয়ে আজ ভোররাত সাড়ে চারটার দিকে সজীব দত্তকে গ্রেপ্তার করা হয়।
১১ জুলাই রাতে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আবদুল মান্নান। এ ঘটনায় নিহত মান্নানের বড় ভাই আবু আলী ঠাকুরগাঁও সদর থানায় গত বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেন। এতে সজীব দত্ত এবং পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ আলী ওরফে শান্তর (৩৬) নাম উল্লেখসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়।