ঠাকুরগাঁওয়ের পুরোনো দলিলপত্র দিনাজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার পর জেলা পর্যায়ের সব দপ্তর পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে স্থাপিত হয়েছে। কিন্তু জায়গাসংকটের কারণে জমিসংক্রান্ত ৩০ বছর আগের পুরোনো দলিলপত্র এখনো দিনাজপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে ঠাকুরগাঁওয়ে আনা হয়নি। এতে ঠাকুরগাঁওবাসীকে দলিলপত্র অনুসন্ধান এবং এর নকল কপি পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, বৃহত্তর দিনাজপুর জেলার মহকুমা ছিল ঠাকুরগাঁও। ১৯৮৪ সালে ঠাকুরগাঁও পৃথক জেলা হিসেবে উন্নীত হয়। নতুন জেলার কার্যক্রম পরিচালনার জন্য সরকারি সব দপ্তর একে একে স্থাপন করা হয়। কিন্তু জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের কার্যক্রম ৩০ বছর ধরে ভাড়াবাড়িতে চলছে। বর্তমানে শহরের নরেশ চৌহান সড়কে একটি বাড়ি ভাড়া করে দপ্তরটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। জায়গাসংকটের কারণে জমিসংক্রান্ত ১৯৮৪ সালের পরের দলিলপত্র, বালাম বইসহ অন্য কাগজপত্র আনা হলেও আগের সব কাগজপত্র এখনো দিনাজপুরে রয়ে গেছে।
রেজিস্ট্রেশন আইন অনুযায়ী, প্রতিটি জেলা সদরের সাব-রেজিস্ট্রার সংশ্লিষ্ট জেলার গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে দলিলপত্র ও দলিলের নকল কপি দিতে বাধ্য। কিন্তু ১৯৮৪ সালের আগের কোনো বালাম বই ও রেকর্ডপত্র না থাকায় ঠাকুরগাঁও থেকে কোনো দলিলের জাবেদা নকল দিতে পারছে না রেজিস্ট্রি কার্যালয় কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া গ্রামের আবদুস সামাদ বলেন, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। এত দূর থেকে জমির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে বারবার ঘুরতে হয়। এ কারণে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতিও হচ্ছে।
রায়পুর গ্রামের আবদুল জলিল বলেন, ‘দলিলের নকলের জন্য দিনাজপুর রেজিস্ট্রি অফিসে েঘারাঘুরি করেও কোনো লাভ হয়নি। শুনেছি ভলিউমের তালিকা ছিঁড়ে ফেলা হয়েছে। এ কারণে কাগজপত্র সহজে বের করা যায় না।’
ঠাকুরগাঁওয়ের জেলা রেজিস্ট্রার মকবুল হোসেন বলেন, জেলা ও সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নিজস্ব ভবন নির্মিত হলে ওই সব পুরোনো রেকর্ডপত্র সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় সাংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেন, জেলা রেজিস্ট্রারের নিজস্ব কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যালয়টি নির্মিত হলেই এ সমস্যা কেটে যাবে।