হলফনামায় তথ্য গোপন ও অসত্য তথ্য দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও পৌরসভার নবনির্বাচিত মেয়র বিএনপির মির্জা ফয়সল আমীনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার পরাজিত মেয়র প্রার্থী আওয়ামী লীগের তহমিনা আখতার মোল্লা নির্বাচন ট্রাইব্যুনালে এ মামলা করেন।
তহমিনা আখতার মোল্লা গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে মামলার কথা জানান। মামলায় অপর দুই মেয়র প্রার্থী, জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বীকে আসামি করা হয়েছে।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘মামলার কথা শুনেছি। আদালত থেকে নথি এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ এ বিষয়ে মির্জা ফয়সল আমীন বলেন, ‘নির্বাচনে হেরে উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছে। মামলায় যেসব অভিযোগ করা হয়েছে, তা আমি সংবাদ সম্মেলন ডেকে ব্যাখ্যা দেব।’
মামলার আরজি ও সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা যায়, নিশ্চিন্তপুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা ফয়সল আমীন কোম্পানির ১ লাখ শেয়ারের মধ্যে ৪০ হাজার শেয়ারের মালিক। কিন্তু হলফনামা ও মনোনয়নপত্রে তিনি বিষয়টি উল্লেখ করেননি। তিনি ওই প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক থেকে ২০১০ সালের ২৯ আগস্ট ২২ কোটি টাকা ঋণ নেন। কিস্তি পরিশোধ না করায় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে জনতা ব্যাংক ফয়সল আমিনকে ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ বিষয়ে ফয়সল আমীন হাইকোর্টে রিট করেন। সে সময় ব্যাংক কর্তৃপক্ষ এফিডেভিটের মাধ্যমে জানায়, ফয়সল আমীন কোনো ঋণ পরিশোধ করেননি। ব্যাংকিং আইন অনুযায়ী তিনি একজন খেলাপি। মনোনয়নপত্র দাখিলের সময় পর্যন্ত সেই ঋণের পরিমাণ ৪২ কোটি ৪৬ লাখ টাকা হওয়ার কথা। কিন্তু ফয়সল হলফনামায় ঋণ দেখিয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার ৮৮৬ টাকা।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯-এর ১৯ ধারার ২ (ঝ) উপধারায় বলা আছে, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোনো মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ি রাখেন, তবে উক্ত ব্যক্তির মেয়র পদে নির্বাচিত হইবার জন্য এবং থাকিবার যোগ্য হইবেন না।’
মামলার আরজিতে আরও বলা হয়, ফয়সল ঋণখেলাপি হওয়া সত্ত্বেও হলফনামায় খেলাপি ঋণের বিবরণের ঘরে কোনো তথ্য প্রদান না করে গোপন করেছেন। হলফনামায় ঋণের পুনঃ তফসিলীকরণের ঘরে সর্বমোট খেলাপি ঋণের পরিমাণ ও তারিখ সম্পর্কে তথ্য প্রদানের জন্য বলা হলেও ফয়সল তথ্য দেননি। এ ছাড়া ফয়সল উত্তরাধিকার সূত্রে মির্জাস প্রাইভেট লিমিটেড, বলাকা সিনেমা হলের মালিক। এ ছাড়া তাঁর নামে আরও অকৃষিজমি রয়েছে, যা তিনি হলফনামায় গোপন করেছেন। ১৯৯৬ সালে ঠাকুরগাঁও সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে, যা তিনি হলফনামায় উল্লেখ করেননি।
তহমিনা আখতার মোল্লা বলেন, একজন ঋণখেলাপি ও তথ্য গোপনকারী কীভাবে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হয়ে পৌরবাসীর সেবা দিতে পারেন। এক প্রতারকের হাত থেকে ঠাকুরগাঁও পৌরবাসীকে রক্ষার জন্য তিনি মামলা করেছেন।