ঠাকুরগাঁওয়ের লিচু কুড়ানি শিশুর দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝরে পড়া ও বাছাইয়ে বাদ পড়া লিচু কুড়িয়ে সংগ্রহ করছে একদল শিশু। ছবিটি সম্প্রতি ঠাকুরগাঁও সদরের গোবিন্দনগর এলাকার লিচুবাগান থেকে তোলা l প্রথম আলো
ঝরে পড়া ও বাছাইয়ে বাদ পড়া লিচু কুড়িয়ে সংগ্রহ করছে একদল শিশু। ছবিটি সম্প্রতি ঠাকুরগাঁও সদরের গোবিন্দনগর এলাকার লিচুবাগান থেকে তোলা l প্রথম আলো

সারি সারি লিচুগাছ। গাছে ঝুলছে লাল টসটসে পাকা লিচু। গাছ থেকে লিচু পেড়ে ভালো লিচু বাছাই করা, গুনে গুনে লিচুর আঁটি বাঁধা ও বাজারে তোলার জন্য খাঁচা বোঝাই করার কাজে বাগানের মালিক-শ্রমিকেরা সবাই খুব ব্যস্ত। তাঁদের ব্যস্ততার ফাঁকফোকরে এলাকার শিশুরাও ছুটছে এ বাগান থেকে ও বাগানে। ওরা গাছ থেকে ঝরে পড়া ও বাছাইয়ে বাদ পড়া লিচু কুড়িয়ে সংগ্রহ করছে। পরে তা বিক্রি করে মেটাবে নিজেদের টুকিটাকি প্রয়োজন।

২ জুন সকালে ঠাকুরগাঁও সদরের গোবিন্দনগর-মুন্সিরহাট এলাকায় কথা হয় লিচু সংগ্রহের কাজে ব্যস্ত রেজভি, রুহুল, মোশারফ, শারমিন, আরাফাতের সঙ্গে। ওদের সবার বয়স ৫ থেকে ১১ বছর। কেউ কেউ বিদ্যালয়ের শিক্ষার্থী। আবার কেউ অভাব-অনটনে পড়ে লেখাপড়াই ছেড়ে দিয়েছে।

পৌর এলাকার সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রেজভি হোসেন (১০)। সে গোবিন্দনগর এলাকার একটি লিচুবাগানে লিচু কুড়াচ্ছিল। সে জানায়, স্কুল ছুটি। পড়ার তেমন চাপ নেই। এ সময়ে তাই বাগান থেকে লিচু কুড়িয়ে সংগ্রহ করছে। পরে তা রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করবে। রেজভি বলে, ‘সামনে ঈদ। লিচু বিক্রির এই টাকা দিয়ে নতুন কাপড় কিনব।’

আরেকজন রুহুল আমিন। সে বলে, ‘প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকার লিচু বিক্রি করি। এ টাকা মায়ের কাছে জমা দিই। অনেক সময় নিজের টুকিটাকি জিনিস কিনে নিই।’

অভাব-অনটনে পড়ে পড়ালেখা ছাড়তে বাধ্য হয়েছে মুন্সিরহাট এলাকার শারমিন (১১)। শারমিন বলে, ‘বাবা ঈদের সময় নতুন কাপড় কিনে দিতে পারে না। এবার নিজেই নতুন কাপড় কেনার সুযোগ পেয়েছি। বাগানে পড়ে থাকা লিচু বিক্রি করে যে টাকা পাব, তা দিয়ে নতুন কাপড় কিনব। ছোট বোনকেও জামা কিনে দিতে পারব।’

লিচু কুড়াতে ব্যস্ত আরাফাত জানায়, লিচু সংগ্রহ করতে গিয়ে বাগানের মালিকের বকাঝকাও তাদের কপালে কম জোটে না। তখন তাদের খারাপ লাগে বইকি।

স্থানীয় লিচুবাগানের মালিক ও ব্যবসায়ী এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লিচুবাগান মালিক-ব্যবসায়ীরা সাধারণত শ্রমিক দিয়ে গাছ থেকে লিচু পাড়েন। লিচু পাড়ার সময় অসতর্কতার কারণে কিছু কিছু গাছে লিচু থেকে যায়। আবার লিচু বাছাইয়ের সময় দাগ পড়া লিচু বাদ দেওয়া হয়। ওই শিশুদের মূল লক্ষ্য হলো এসব লিচু সংগ্রহ করা।

গোবিন্দনগর-মুন্সিরহাট এলাকার কয়েকটি লিচুবাগান কিনেছেন নাটোরের গুরুদাসপুরের ব্যবসায়ী ছানোয়ার হোসেন। তিনি বলেন, ঝরে পড়া লিচু কুড়াতে ভোর থেকে বাচ্চাদের লাইন লেগে যায়। লিচু পেলে যখন বাচ্চাগুলো মুখে হাসি ফোটে, তখন নিজের সন্তানের মুখটা চোখের সামনে ভেসে ওঠে।

ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার লিচুবাগানের মালিক আজিজুল হক জানান, শুধু গোবিন্দনগর-মুন্সিরহাট এলাকায় দুই শতাধিক লিচু বাগান রয়েছে। তাঁরও তিনটি বাগান রয়েছে। লিচু পাকার পর তা বাছাই করে বাজারে পাঠিয়ে দেন। যেসব লিচুতে দাগ থাকে, সেসব লিচু গ্রামের শিশুদের মধ্যে বিলিয়ে দেন।