ঠাকুরগাঁওয়ের ১২টি ক্রীড়া সংগঠন অনুদান পেল
ঠাকুরগাঁওয়ের ১২টি ক্রীড়া সংগঠনকে গতকাল মঙ্গলবার অনুদান দেওয়া হয়েছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ওই ১২টি সংগঠনকে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, গতকাল সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবদুল আওয়ালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এ ছাড়া নতুন কমিটির সদস্য দীপক কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত, সাবেক পৌর মেয়র এস এম এ মঈন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নতুন কমিটির সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। ওই অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ১২টি ক্রীড়া সংগঠনের প্রতিটিকে অনুদান হিসেবে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।