ঠান্ডা-গরম আবহাওয়া নানা রোগের প্রাদুর্ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতু পরিবর্তনের এই সময়ে ঠান্ডা-গরম আবহাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঠান্ডাজনিত বিভিন্ন রোগের পাশাপাশি জ্বর, ডায়রিয়া ও জলবসন্ত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
উপজেলার ধানগড়া বাজারের দুজন পল্লি চিকিৎসকের দোকানে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, জ্বর-সর্দি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৮ শিশুকে নিয়ে এসেছেন অভিভাবকেরা। পল্লি চিকিৎসক মাহফুজুল হক বলেন, এখন আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বৃদ্ধ ও শিশুরাই এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে তিনি জানান।
উপজেলার ধানগড়া এলাকার নূরভানু বেগম (৬৬) বলেন, ‘এখনো রাতে লেপ গায়ে দিতে হয়। কিন্তু দিনে তো আবার পাখা চালাতে হয়।’ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন বলে জানান এই প্রবীণ নারী।
উপজেলার ধানগড়া ইউনিভার্স একাডেমির অধ্যক্ষ তৌহিদুল ইসলাম বলেন, ঠান্ডাজ্বরসহ শিশুরা এ সময়টায় জলবসন্ত রোগে আক্রান্ত হচ্ছে। তাঁর একাডেমির দুই শিক্ষার্থী জলবসন্তে আক্রান্ত হয়েছে বলে তিনি জানান।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১১ জন এই হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত অনেক রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। যাদের অবস্থা খারাপ, তাদেরই মূলত ভর্তি করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিমুল ইহসান তৌহিদ বলেন, ‘দিনে গরম, কিন্তু সন্ধ্যার পরপরই ঠান্ডা পড়ে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে নানা রোগ দেখা দেয়। একটু সতর্ক থাকলে অধিকাংশ ক্ষেত্রেই এসব রোগ এড়ানো সম্ভব।’