
একসময় সংবাদপত্র অফিসে এসি ছিল না। এখন আছে। কিন্তু উত্তাপ তখনো ছিল, এখনো আছে। নামি কোম্পানির এসি দিয়েও বার্তাকক্ষের এই তাপ বা উত্তেজনা কমানো যায় না।
ধরুন, দেশময় রাজনৈতিক সহিংসতা বা প্রাকৃতিক দুর্যোগ অথবা ইতিবাচক কোনো বড় বিষয়—বাংলাদেশের বিরাট সাফল্যের খবর। কীভাবে, কত ভালোভাবে, কত রকমভাবে সাজিয়ে-গুছিয়ে পাঠকের কাছে উপস্থাপন করা যায়—তা নিয়ে ভাবনা-গবেষণা চলতে থাকে।
আবার ধরুন, ভালো-খারাপ কোনো ঘটনাই ঘটল না। তাহলেও বার্তাকক্ষে উত্তাপ-উত্তেজনা থাকে। সেটা অন্য রকম। তখন উৎকণ্ঠা—কাল পাঠক কী পড়বেন, এই পত্রিকা কেন কিনবেন, কেন পড়বেন!!! আসলে বার্তাকক্ষে উত্তেজনাটা অনিবার্য, অমোঘ। এর মধ্যেই আমাদের ঠান্ডা থাকতে হয়। নির্ভুল কাগজ বের করতে হয়।
এ বছরের ৫ মের উত্তেজনা ছিল একেবারেই আলাদা। সেদিনের অনিশ্চয়তাটি ছিল এমন যে, কাল কী হবে অর্থাৎ বাংলাদেশটা কেমন হবে। রাজনীতি-সংস্কৃতি কি পাল্টে যাবে? নারী স্বাধীনতা বলে কি কিছু থাকবে না? মেয়েরা কি চাকরি-বাকরি-লেখাপড়া করতে পারবে না? ইত্যাদি নানা শঙ্কা ভর করছিল আমাদের মনে। পাঠক অনবরত ফোন করে জানতে চাচ্ছিলেন এসব প্রশ্নের উত্তর।
আগের দিনই আমরা জানলাম যে, হেফাজতের কর্মীরা ঢাকায় ঘেরাও শেষে ভেতরে ঢুকে পড়বেন। কিন্তু সরকার ঢুকতে দেবে না। ৫ মে দেখা গেল, অনুমতি ছাড়াই তাঁরা শহরে ঢুকতে শুরু করেছেন। এমন সময় খবর এল, সরকার অনুমতি দিয়েছে।
দুপুর থেকে বিকেল পর্যন্ত আমরা দেখলাম হেফাজতের কর্মীদের মিছিল আমাদের অফিস অতিক্রম করছে স্রোতের মতো। খবর পাই, পুলিশের ওপর হামলা হয়েছে। ঢাকা জিপিও প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, পুলিশের ট্রাফিক বিভাগের কার্যালয়, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পরিবহন পুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়, র্যাংগস ভবনসহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এবং ফুটপাতের দোকানে আগুন ধরিয়ে দিয়েছেন হেফাজতের সমর্থকেরা। তাণ্ডবের কারণে দিনভর রাজধানীর জনজীবন বিপর্যস্ত হয়। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এরই মধ্যে বার্তাকক্ষে বিকেলের বৈঠক। প্রথম আলোর রেওয়াজ অনুযায়ী, বড় ঘটনা হলে সম্পাদক ও সম্পাদকীয় বিভাগ মিলে আমরা বৈঠক করি। সেই বৈঠকে আমরা স্থির করতে পারছিলাম না যে, পত্রিকাটি কেমন হবে। রাতে বা পরদিন পরিস্থিতি কী হবে, তা আগে থেকে অনুমান করা যাচ্ছিল না। রাত আটটায় হেফাজতের মঞ্চ থেকে ঘোষণা এল, আল্লামা শাহ আহমদ শফী না আসা পর্যন্ত তাঁরা যাবেন না। একপর্যায়ে আহমদ শফী সমাবেশস্থলের উদ্দেশে রওনা দিয়ে আবার গাড়ি ঘুরিয়ে ফিরে যান। রাত সাড়ে নয়টায় তিনি বিবৃতি দিয়ে বলেন, ১৩ দফা না মানা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান চলবে।
আমরা বারবার বৈঠক করি, আলোচনা করি। রাত বাড়ে, পরিস্থিতি বদলায়। কিন্তু কিছুতেই ছবি বাছাই ও মেকআপ চূড়ান্ত করা যাচ্ছিল না। এ রকম অনিশ্চিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়াটা আসলেই খুব কঠিন। জিয়া ইসলামের নেতৃত্বে আমাদের ফটোগ্রাফি টিম দিনরাত ঝুঁকি নিয়ে অন্তত ৫০০ ছবি তুলেছে। প্রতিবেদকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন প্রধান প্রতিবেদক শরীফুজ্জামান ও উপ-প্রধান প্রতিবেদক টিপু সুলতান। সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখেন এম এ ওয়ারেস, তুহিন সাইফুল্লাহসহ বিশাল বাংলার টিম।
দুই বার্তা সম্পাদক শওকত হোসেন ও শাহেদ মুহাম্মদ আলী, জ্যেষ্ঠ সহসম্পাদক রাজীব হাসান ও তরুণ সহসম্পাদক ইমাম হোসেন সাঈদ মিলে আমরা ছবিগুলো বাছাই করে একটা মেকআপ দাঁড় করাই। রাত সাড়ে নয়টায় সম্পাদক আবার এলেন। সন্তুষ্ট হলেন না। ‘হলো না, ভালো ছবি কই, জিয়া কই।’ আবার ছবি ঘাঁটাঘাঁটি। সম্পাদক নিজেই সব ছবি দেখলেন, এরপর ছবি-মেকআপ ঠিক হলো।
শিরোনাম কী হবে, সেটা আরেক কঠিন যুদ্ধ। অনেক ভেবেচিন্তে আমরা ৮ কলামজুড়ে শিরোনাম দিলাম ‘অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা’; আরেকটি ৪ কলাম শিরোনাম ছিল ‘রাজধানীতে ৮ ঘণ্টার ধ্বংসযজ্ঞ’।
প্রথম সংস্করণের কাজ শেষ হতেই বিশেষ প্রতিনিধি কামরুল হাসানের চিৎকার, শাপলা চত্বর থেকে হেফাজতের কর্মীদের সরিয়ে দিতে অভিযান চালাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যা হওয়ার রাতেই হবে। এ খবর পাওয়ার পর আমরা দ্রুত সিদ্ধান্ত বদল করি। রাতের সব খবর ধরাতে হবে। রিপোর্টার ও ফটোগ্রাফাররা রাত ১১টার পর বেরিয়ে পড়েন মতিঝিলের দিকে। আমরা সবাই অপেক্ষায় থাকি।
রাত ১২টার পর খবর আসতে থাকে, র্যাব-পুলিশ হেফাজতের কর্মীদের কাছাকাছি অবস্থান নিয়েছে। অভিযান শুরু হবে। রাত গভীর হতে থাকে, বাড়তে থাকে আমাদের উত্তেজনা। শেষ পর্যন্ত কী হবে! প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ, এরপর আরও অপেক্ষা। ভোর রাতে খবর আসে, অভিযান শেষ! শাপলা চত্বর পুলিশের দখলে। শেষ হয় উৎকণ্ঠা। তারপর শেষ সংস্করণ। একটি ২ কলামের শিরোনাম যোগ হলো ‘গভীর রাতে সমন্বিত অভিযান: শাপলা চত্বর ছাড়তে বাধ্য হলেন হেফাজতের কর্মীরা।’ আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উঁচিয়ে ঢাকা ত্যাগ করার ছবি দেওয়া হলো পেছনের পাতায়। নিউজ টিমের আমরা সবাই যখন বাসায় ফিরলাম, তখন ৬ মে সকাল।
লাজ্জাত এনাব মহছি: প্রধান বার্তা সম্পাদক