ঠান্ডাজনিত অসুস্থতায় দুইজনের মৃত্যু
গাইবান্ধায় গত দুই দিনে ঠান্ডাজনিত অসুস্থতায় দুজন মারা গেছেন। অব্যাহত শৈত্যপ্রবাহে জেলার ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষত নদীর তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।শীতজনিত রোগে মারা যাওয়া ওই দুই ব্যক্তি হলেন: সাদুল্যাপুর উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামের আবদুল্লাহ প্রামাণিক (৭০) ও জয়েনপুর গ্রামের ছবিরন বেওয়া (৬৬)। আবদুল্লাহ প্রামাণিক মারা যান গত রোববার রাতে। ছবিরন বেওয়া মারা যান গতকাল সোমবার ভোরে।তীব্র শীতে গোটা জেলায় স্বাভাবিক কাজকর্ম দারুণভাবে ব্যাহত হচ্ছে। সদর উপজেলার কুপতলা গ্রামের দিনমজুর বাবলু মিয়া বলেন, ‘দিন এনে দিন খাই। কিন্তু ঠান্ডার কারণে দুই দিন ধরে কাজ করতে পারছি না। ধারদেনা করে সংসার চালাচ্ছি।’জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু হানিফ বলেন, ‘শীতের কারণে শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটের পীড়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে।’