হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। শয্যা-সংকটে শিশুদের মেঝেতে বিছানা পেতে রাখা হচ্ছে। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার হাসপাতালে মারা গেছে পাঁচটি শিশু। অক্সিজেন-সংকট ও প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সেবা নিতে আসা শিশুদের অভিভাবকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে শয্যাসংখ্যা ১০০। ৩৮টি পদ থাকলেও চিকিৎসক রয়েছেন ২০ জন। শিশু ওয়ার্ডে শয্যা ২৫টি, চিকিৎসক রয়েছেন মাত্র একজন। চিকিৎসক-সংকটে বহির্বিভাগের কার্যক্রম বন্ধ। তীব্র শীত পড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। কয়েক দিন ধরে দেড় শর কাছাকাছি শিশু ভর্তি রয়েছে। গতকাল শুক্রবার শিশু ওয়ার্ডে রোগী ছিল ১৩৮ জন। বেশির ভাগই ডায়রিয়া, নিউমোনিয়া ও হামে আক্রান্ত।
গতকাল বেলা তিনটার দিকে দেখা যায়, শিশু ওয়ার্ডে প্রচণ্ড ভিড়। মেঝেতে অনেক বিছানা। শিশুদের সঙ্গে অভিভাবকেরা রয়েছেন। কয়েকজন অভিভাবক বলেন, শহরে শিশুদের চিকিৎসার জন্য ব্যবস্থা তেমন একটা নেই। বাধ্য হয়ে শিশুদের মেঝেতে রাখতে হচ্ছে।
ওয়ার্ডের একটি কোণে যন্ত্রের সাহায্যে নবজাতকদের ঠান্ডাজনিত সমস্যা নিরাময়ে উত্তাপ দেওয়া হয়। দুই-তিনজন শিক্ষানবিশ নার্স একটি শিশুকে এ যন্ত্রের সাহায্যে সেবা দিচ্ছেন। অপেক্ষায় আছে ১০-১২টি শিশু। দায়িত্বরত জ্যেষ্ঠ নার্স তাহমিনা আক্তার বলেন, ‘একসঙ্গে এত রোগী সামাল দেওয়া কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তবে সাধ্যমতো চেষ্টা করছি।’
শহরের ধুলিয়াখাল এলাকা থেকে আসা শিশু রোগীর অভিভাবক রিনা বেগম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত একজন চিকিৎসকও আসেননি। নার্সরাই পালা করে চিকিৎসা দিচ্ছেন। অক্সিজেন না থাকায় শিশুরা ভোগান্তিতে পড়ছে।
শ্বাসকষ্ট দেখা দেওয়ায় দুই বছরের শিশুকে নিয়ে হাসপাতালে এসেছেন চুনারুঘাট উপজেলার দেওগাছ এলাকার আফরোজ মিয়া। তিনি অভিযোগ করেন, শয্যা না পেয়ে ঠান্ডার মধ্যেও শিশুকে মেঝেতে রাখতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন হয়ে আছে। শিশু ওয়ার্ডের শিশুদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে অনেক শিশু চিকিৎসা নিতে এসেও মারা যাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও গতকাল চিকিৎসাধীন অবস্থায় পাঁচটি শিশু মারা গেছে। তারা হলো হবিগঞ্জ শহরতলির জালালাবাদ এলাকার রউফ মিয়ার নবজাতক (এক দিন), সদর উপজেলা উচাইল গ্রামের আলাউদ্দিনের মেয়ে মর্জিনা (দুই দিন), বরকান্দি গ্রামের রাহেলা বেগমের ছেলে (এক মাস), চুনারুঘাটের চান্দপুর চা-বাগানের নমিতা রানীর দেড় বছরের ছেলে রাহুল ও নবীগঞ্জের কালিয়ার এরশাদ হোসেনের ছেলে সাদ্দাম (এক দিন)। এসব শিশু শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
শিশু ওয়ার্ডের সিনিয়র কনসালট্যান্ট কায়সার রহমান বলেন, একজনের পক্ষে এতগুলো রোগীর সেবা দেওয়া কঠিন। তারপরও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। গাফিলতির কারণে কোনো শিশুর মৃত্যু হয়নি। মারা যাওয়া শিশুদের সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সমর কুমার ঘোষ বলেন, এখানে পদের বিপরীতে প্রায় অর্ধেক চিকিৎসক নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নিয়মিত জানানো হচ্ছে। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।