ঠান্ডাজনিত রোগে বিভিন্ন স্থানে ১৭ জনের মৃত্যু
সারা দেশে দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহ চলছে। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত তিন দিনে সিরাজগঞ্জের তাড়াশ, রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ এবং পঞ্চগড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ৬২ শিশুকে চিকিত্সা দেওয়া হয়েছে। আগুন পোহাতে গিয়ে স্কুলছাত্রীসহ অগ্নিদগ্ধ হয়েছে পাঁচজন। কিশোরগঞ্জ জেলা কারাগারে কিছুসংখ্যক বন্দীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাড়াশে নয়জনের মৃত্যু: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চার আদিবাসীসহ নয়জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার বারুহাস গ্রামের সোনা সরকার (৮২), তালম খাসপাড়ার মোহাম্মদ আলী (৭৮), ধামাইচ বাজারপাড়ার রোস্তম আলী (৭৫), উপরসিলট গ্রামের খোদেজা বেওয়া (৭০), বৃপাচান গ্রামের সেকান্দার আলী (৬৫), ক্ষুদ্র মাধাইনগর গ্রামের আদিবাসী লক্ষ্মণ (৭৫), শ্রীকৃষ্ণপুর গ্রামের সুটু বসাক (৭০), অনিল বসাক (৬৮), বোয়ালপুকুর গ্রামের রমণী বালা (৭৫)। রংপুরে অগ্নিদগ্ধ ও মৃত্যু: জেলার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন এবং আগুন পোহাত গিয়ে গৃহবধূসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন তারাগঞ্জের মেনানগর গ্রামের সমশের আলী (৪৫), দোলাপাড়ার খিজির উদ্দিন (৩৫), সখিনা বেওয়া (৫০), বদরগঞ্জের বরাইবাড়ি গ্রামের গৃহবধূ নিশি রানী (৩৫) ও নিখিল চন্দ্র রায় (৪০)। ঠান্ডাজনিত রোগে মৃত ব্যক্তিরা হলেন তারাগঞ্জের দোলাপাড়া গ্রামের ফজিলা বেগম (৫৫), ডাঙ্গারহাটের সমছের আলী (৭০), বদরগঞ্জের চটকুপাড়া গ্রামের রাবেয়া খাতুন (৬২), আমরুলবাড়ি গ্রামের আবু বক্কর (৬৫), রাধানগর লালদিঘীর আবদুল বাতেন (৫০) ও লোহানীপাড়ার আনোয়ারা বেগম (৪৫)।পঞ্চগড়ে শিশুসহ দুজনের মৃত্যু: গত বুধবার ঠান্ডাজনিত রোগে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁরা হলেন পঞ্চগড় পৌরসভার রাজনগর গ্রামের রহিম উদ্দীন (৫০) ও আজাদনগর গ্রামের আশরাফুল ইসলামের এক মাস বয়সী শিশু।সরাইলে স্কুলছাত্রী অগ্নিদগ্ধ: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাজ জাহান নামের এক স্কুলছাত্রী আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন। ছিনতাজ জাহান স্থানীয় আইডিয়াল রেসিডেন্সিয়াল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত মঙ্গলবার সকালে রান্নাঘরের গ্যাসের চুলায় আগুন পোহাতে গিয়ে সে অগ্নিদগ্ধ হয়। শীতে কাঁপছে ফরিদপুরবাসী: প্রচণ্ড শীতে কাঁপছে ফরিদপুরের মানুষ। ভাসমান, বস্তি ও চরের দরিদ্র মানুষের অবস্থা খুবই করুণ। শীতার্ত লোকজনের মাঝে সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা এস এম সুরজুল আমীন জানান, গত বুধবার ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কিশোরগঞ্জ কারাগারে শীতবস্ত্র বিতরণ: জেলা কারাগারে তীব্র শীতে বন্দীরা দুর্ভোগ পোহাচ্ছেন। কেউ কেউ শীতের কারণে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছেন। জেলা কারাগারের মহিলা ওয়ার্ডে ২৯ জন বন্দী রয়েছেন। মহিলা বন্দীদের সঙ্গে চার বছরের কম বয়সী পাঁচটি শিশু রয়েছে। কনকনে শীতে তাদের অবস্থাও কাহিল। গত মঙ্গল ও বুধবার জেলা কারাগার কর্তৃপক্ষ পাঁচ শিশু ও ৪৫ বৃদ্ধসহ মোট ১৫০ জন বন্দীকে শীতবস্ত্র দিয়েছে। কারাগারের তত্ত্বাবধায়ক মো. জহির উদ্দিন জানান, আপাতত শিশু ও বয়স্কদের কিছু শীতবস্ত্র দেওয়া হয়েছে। পরে অন্যদেরও দেওয়া হবে।গোয়ালন্দে ৬২ শিশুকে দেওয়া হলো চিকিত্সা: প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজবাড়ীর মানুষের জীবনযাত্রা। চরাঞ্চলের মানুষ নানা দুর্ভোগের মধ্যে জীবন যাপন করছে। ছিন্নমূল লোকজন খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। গত বুধবার ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত ৬২ শিশুকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন এনামুল হক, সিরাজগঞ্জ; আলতাফ হোসেন ও রহিদুল মিয়া, রংপুর; শহীদুল ইসলাম, পঞ্চগড়; বদর উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া); পান্না বালা, ফরিদপুর; সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ; রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)]