ঠান্ডাজনিত সমস্যায় বগুড়ায় বোরোর বীজতলা নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বগুড়ায় বেশির ভাগ বোরোর বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগের পক্ষ থেকে এলাকায় প্রচারপত্র বিতরণ, মাইকিং ও উঠান বৈঠক করা হচ্ছে। এতে বীজতলা রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ ধরে বগুড়ার তাপমাত্রা নয় থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন উপজেলার নয় হাজার হেক্টর জমিতে বোরোর বীজতলা করা হয়েছে। কৃষকেরা জানান, দুই সপ্তাহ ধরে ঘন কুয়াশা পড়ায় সূর্যের দেখা মিলছে না। এতে বীজতলা হলুদ হয়ে মরে যাচ্ছে। এ অবস্থায় বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হাসান বলেন, সদর উপজেলায় ৬০০ হেক্টর জমিতে বোরোর বীজতলা করা হয়েছে। এর মধ্যে ঠান্ডাজনিত সমস্যায় বেশ কিছু বীজতলার চারার ক্ষতি হয়েছে। এসব চারা রক্ষার জন্য বীজতলায় কমুলাস ও থিওভিটের সঙ্গে প্রতি শতকে ২৫০ গ্রাম ইউরিয়া ছিটাতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদিন সকালে বীজতলায় জমে থাকা শিশির ঝরিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যার আগে বীজতলায় পর্যাপ্ত পানি দিয়ে সকালে তা বের করে দিয়ে প্রয়োজনমতো ছাই ছিটানোর জন্যও মাইকিং করা হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক এ এন এম বজলুর রশীদ দাবি করেন, শৈত্যপ্রবাহ বয়ে গেলেও বীজতলা নষ্টের পর্যায়ে যায়নি। বীজতলার চারা ঠান্ডাজনিত সমস্যা থেকে রক্ষা করতে কৃষি বিভাগ প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে।নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরের কৃষক আনিছুর রহমান জানান, তিনি বোরো আবাদের জন্য বীজতলায় ছয় মণ ধানের বীজ বপন করেছিলেন। এসব বীজের চারাও গজিয়েছিল। কিন্তু দুই সপ্তাহ ধরে ঘন কুয়াশা পড়ায় ও ঠান্ডা আবহাওয়ার কারণে তাঁর বীজতলার চারা প্রথমে হলুদ হয়ে যায় এবং পরে মরে যায়। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ওষুধ ছিটানো হলেও কোনো কাজ হচ্ছে না।রিধইল গ্রামের ফজলুর রহমান বলেন, ‘ঠান্ডায় বীজতলায় মরক লাগিচে। হামাকেরে এখন একটায় চিন্তা, বীজতলা মরি গেলে জমিত ধান লাগামো কী দ্যিয়ে?’ নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক বলেন, পরিস্থিতি মোকাবিলায় এলাকায় প্রচারপত্র বিতরণ ও মাইকিং করে কৃষকদের সতর্ক করে দেওয়া হচ্ছে।সদরের গোকুল এলাকার কৃষক হামিদুর রহমান জানান, বীজতলার চারা বাঁচাতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ওষুধ ছিটানো হচ্ছে। কিন্তু কোনো কিছুতেই বীজতলা রক্ষা করা যাচ্ছে না।সোনাতলার বালুয়াহাট গ্রামের কৃষক বিপ্লব হোসেন বলেন, ঠান্ডায় যেভাবে বীজতলার চারা মরে যাচ্ছে, তাতে এই মৌসুমে চারার সংকটে জমি অনাবাদি থাকবে।