ঠিক সময়ে ইংরেজি মাধ্যমের পরীক্ষা নিশ্চিত করার দাবি
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের আগামী মে-জুন সেশনের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাদের অভিভাবকেরা। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অভিভাবকেরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
মানববন্ধনে অভিভাবকেরা বলেন, আন্তর্জাতিক শিক্ষা বোর্ডের অধীনে পৃথিবীর অনেক দেশে একই সময়ে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় বলে তারিখ পরিবর্তন করা সম্ভব নয়। নির্ধারিত সময়ে তাঁদের সন্তানেরা যেন এডেক্সেল, আইজিসিএসই, কেমব্রিজ, ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা করার জন্য তাঁরা সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, অবরোধ-হরতালের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক পরীক্ষাগুলো শুক্র ও শনিবার নেওয়ার ব্যবস্থা করেছে। রাজনৈতিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধন শেষে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. আতিয়া আহমেদ। তিনি বলেন, এই পরীক্ষাগুলো বছরে দুবার অনুষ্ঠিত হয়। আগে সকাল-সন্ধ্যা হরতালের সময় ইংরেজি মাধ্যমের পরীক্ষাগুলো মধ্যরাতে নেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানের লাগাতার হরতালের কারণে এবারের মে-জুন সেশনের পরীক্ষা কীভাবে হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, আন্তর্জাতিক শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেয়। বর্তমান অবস্থায় তারা এই সেশনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিলে পরীক্ষার্থীরা ছয় মাস থেকে এক বছর পিছিয়ে পড়বে। পরীক্ষার নিবন্ধন করে ফেলায় পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে ফেলায় তাঁরা মানসিকভাবে ভেঙে পড়বে।