ঠিক সময়ে খোলেনি বিদ্যালয় বাইরে শিক্ষার্থীদের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার যথাসময়ে বিদ্যালয় না খোলায় ওই বিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিদ্যালয়টি অবস্থিত। এখানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ২৩৮। এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক আছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন বিদ্যালয়টি খোলা হয় ১০টার পরে আর ছুটি দেওয়া হয় বেলা দুইটার মধ্যে। যতক্ষণ বিদ্যালয় খোলা থাকে ততক্ষণও ঠিকমতো পাঠদান করা হয় না।
অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার সকাল ১০টায় দেখা যায়, বিদ্যালয়টির মাঠে দাঁড়িয়ে আছে কয়েকজন শিক্ষার্থী। শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারছে না। ১০টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেননি। শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ের নানা বিষয়ে কথা বলার একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের মাঠে প্রবেশ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সাংসারিক কাজে থাকায় বিদ্যালয়ে আসতে একটু দেরি হলো।’ ১০টা ৪০ মিনিটে সহকারী শিক্ষিকা হাফিজা খাতুন বিদ্যালয়ে আসেন। তিনিও প্রধান শিক্ষকের মতো একই কথা বলেন। তবে ১১টা পর্যন্ত বিদ্যালয়ে আসেননি আরেক সহকারী শিক্ষক জাহাঙ্গীর বাদশা। যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
দলুয়া গ্রামের মোহসিন আলী অভিযোগ করে বলেন, ‘শিক্ষকেরা তাঁদের ইচ্ছেমতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। পড়াশোনাও ঠিকমতো হয় না। সেখানে বাচ্চারা কী শিখবে?
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম দাবি করেন, ‘বিদ্যালয়টি সঠিক সময় খোলা হয় এবং পাঠদান দেওয়া হয়। আমাদের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, গত বৃহস্পতিবার সঠিক সময়ে বিদ্যালয়টি না খোলায় বিদ্যালয়ের তিনজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।