ঠিক সময়ে প্রকল্প শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সঠিক মূল্যায়নের মাধ্যমে যথাসময়ে প্রকল্পের কাজ সফলভাবে শেষ করতে হবে। এ জন্য কাজের মান ও দক্ষতা বাড়াতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদারক ও মূল্যায়ন শাখার উদ্যোগে করা বিভিন্ন প্রকল্পের অর্ধবার্ষিক (২০১৬ সালের জুলাই থেকে ডিসেম্বর) পরিবীক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে অধিদপ্তরের বাস্তবায়নাধীন ১৩টি প্রকল্পের মূল্যায়ন তুলে ধরা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, পরিবীক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্পের সমস্যা চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নিলে প্রকল্প বাস্তবায়ন সহজ ও সফলভাবে করা সম্ভব হবে। অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, সেকায়েপ প্রকল্প পরিচালক মাহামুদ-উল-হক, বিশ্বব্যাংকের অপারেশনস অ্যানালিস্ট টি এম আসাদুজ্জামান প্রমুখ। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন তদারক ও মূল্যায়ন শাখার পরিচালক সেলিম মিয়া। বিজ্ঞপ্তি