ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাসে ঠিক সময়ে বেতন হয় না। এর পরও আরও ১১ জনকে নতুন করে নিয়োগ দিচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ।পৌরসভার একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এ পৌরসভার বার্ষিক আয় মাত্র দেড় কোটি টাকা। এখানে বর্তমানে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের বেতন দিতে হয় মাসে প্রায় ১০ লাখ টাকা। হিসাব অনুযায়ী বছরে এই বেতন খাতে খরচ হয় এক কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সমঞ্চানী বাবদ বছরে আরও খরচ হয় ১০ লাখ টাকা। বাকি ২০ লাখ টাকা থাকে অন্য খাতে খরচের জন্য। এ কারণে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ করতে হলে চেয়ে থাকতে হয় অনুদানের দিকে। সরকারি অনুদান পেলে উন্নয়নমূলক কাজ হয়। অনেক ক্ষেত্রে অনুদানের টাকাও বিবিধ খাতে খরচ করে কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যুৎ বিল বকেয়া আছে ৬০ লক্ষাধিক টাকা ও টেলিফোন বিল দুই লক্ষাধিক টাকা। এ ছাড়া ঠিকাদারদের বকেয়া রয়েছে বেশ কিছু টাকা। তাঁরা আরও জানান, গত ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন মার্চের ২৯ তারিখে। এখনো মার্চের বেতন পাননি। যদিও বেতন দেওয়ার নিয়ম ১ তারিখে। কাজেই নতুন করে ১১ জনকে কর্তৃপক্ষ নিয়োগ করলে তাঁদের সমস্যা আরও বাড়বে। ওই ১১ জনকে প্রতি মাসে প্রায় দেড় লাখ টাকা বেতন দিতে হবে। বর্তমানে পৌরসভায় তিনজন টিকাদানকারী কর্মরত থাকলেও আরও অতিরিক্ত দুজন নিয়োগ করা হচ্ছে। এমএলএসএস আছেন পাঁচজন, নিয়োগ দেওয়া হচ্ছে আরও দুজন। পাম্পচালক আছেন চারজন, নিয়োগ করা হচ্ছে আরও একজন। এভাবে নয়টি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। পৌরসভার একাধিক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশির ভাগ কাউন্সিলর এই নিয়োগ না দেওয়ার পক্ষে। কিন্তু কী কারণে নিয়োগ দেওয়া হচ্ছে, তা স্পষ্ট নন। এ ব্যাপারে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান জানান, নতুন করে চারটি গ্রাম পৌরসভায় সংযুক্ত হয়েছে। এ ছাড়া একাধিক শূন্য পদ রয়েছে। যে কারণে এই নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বেতন দিতে মাঝেমধ্যে কিছুটা সমস্যা হয়, তবে আয় কিছুটা বাড়লে এই অসুবিধা থাকবে না।