ঠিকাদার আ.লীগের নেতারা, ১২ কোটি টাকা জলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীর সংরক্ষণে ফেলা বালুভর্তি জিও ব্যাগ এক মাসের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ১২ কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

অভিযোগ উঠেছে, ঠিকাদারি কাজে অভিজ্ঞতা নেই—স্থানীয় আওয়ামী লীগের এমন নেতারা প্রকল্পের কাজটি করেন। কাজও হয়েছে নিম্নমানের। আর তাই পদ্মার স্রোতের কাছে নদীর তীর সংরক্ষণ কোনো কাজে আসেনি।

শরীয়তপুর পাউবো ও স্থানীয় সূত্র জানায়, ২০১২-২০১৩ অর্থবছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নড়িয়ার দুই কিলোমিটার নদীতীর সংরক্ষণে ১২ কোটি টাকা বরাদ্দ করে। উপজেলার চণ্ডীপুর লঞ্চঘাট এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। পাউবো ২৫০ মিটার করে আটটি গুচ্ছ প্রকল্পের মাধ্যমে কাজটি করতে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ এপ্রিল। ওই দিনই দরপত্র যাচাই-বাচাই করে পাউবো আটজন ঠিকাদারকে কাজ দেয়। ১৫ মে থেকে ঠিকাদারেরা নদীর তীর সংরক্ষণের কাজ শুরু করেন। প্রকল্পটির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে—পাউবো এমন প্রতিবেদনও প্রস্তুত করেছে।

পাউবো থেকে জানা যায়, নদীর তীর সংরক্ষণকাজে জিও টেক্সটাইল ব্যাগ ব্যবহার করা হয়েছে। প্রতিটি জিও ব্যাগে ২৫০ কেজি মোটা বালু ভরাট করে নদীতে ফেলা হয়। নদীর তীর থেকে তলদেশের দিকে ২৫ মিটার পর্যন্ত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে। প্রকল্পের ২৫০ মিটারের প্রতি প্যাকেজে ২১ হাজার জিও ব্যাগ ও ৩৯ হাজার চটের ব্যাগ ফেলা হয়। অন্য ঠিকাদারের লাইসেন্স দিয়ে আটটি গুচ্ছ প্রকল্পের ছয়টি কাজই করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। প্রকল্পের কাজগুলো করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান রাড়ী, সহসভাপতি ও ঘড়িষার ইউপি চেয়ারম্যান আবদুর রব হাওলাদার, উপদেষ্টা ইমাম হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মল্লিক, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, সদস্য হারুন অর রশিদ, যুবলীগের নেতা মিলন বন্দুকছি, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি দুলাল বেপারী, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাখাওয়াত হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা ও সখীপুর থানার সাধারণ সম্পাদক মানিক সরকার।

সরেজমিন জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে উপজেলার ওয়াপদা বাজার থেকে চণ্ডীপুর লঞ্চঘাট পর্যন্ত চার কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এতে দুই কিলোমিটার তীর সংরক্ষণে ফেলা বালুভর্তি ব্যাগের ৭০ ভাগ নদীগর্ভে চলে গেছে। ভাঙনের তীব্রতা বেশি থাকায় বাকি ৩০ ভাগও বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পদ্মার তীরবর্তী পাঁচগাঁও গ্রামের মঈন উদ্দিন মাদবর (৫০) বলেন, ‘নদীর তীর থেকে ৮-১০ মিটার পর্যন্ত বালুর বস্তা ফেলা হয়েছে। বস্তায় অর্ধেক বালু ভরে ফেলা হয়েছে। আমরা প্রতিবাদ জানালে আমাদের হুমকি দেওয়া হতো। নিম্নমানের কাজের কারণে নদীর তীর সংরক্ষণে কাজ করে কোনো লাভ হয়নি।

চণ্ডীপুর বাজারের ব্যবসায়ী মোহামঞ্চদ আলী বেপারী (৫৫) বলেন, পদ্মার ভাঙনে এক মাসের মাথায় ১২ কোটি টাকা জলে গেল। কোথাও ৮-১০ মিটারের বেশি বালুর বস্তা ফেলা হয়নি। বস্তায় পদ্মার চিকন বালু দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা কাজটি বাস্তবায়ন করেন।

ভেদরগঞ্জের সখীপুর থানা আওয়ামী লীগের নেতা মানিক সরকার দাবি করেন, ‘কাজটি লটারিতে পেয়েছি। অন্যান্য কাজ সমঝোতার মাধ্যমে দেওয়া হয়েছে কি না, তা জ্যেষ্ঠ নেতারা বলতে পারবেন। আমার কাজে কোনো অনিয়ম হয়নি। প্রকল্পের নকশা অনুযায়ী কাজ করেছি।’

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইমাম হোসেন দাবি করেন, নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজ করা হয়েছে। ভাঙনের তীব্রতা বেশি থাকায় বাঁধের কিছু অংশ বিলীন হয়ে গেছে।

পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, মাঠপর্যায়ের আওয়ামী লীগের নেতারা নদীর তীর সংরক্ষণের কাজ করেছে। নিয়ম অনুযায়ী কাজ হয়েছে। কোনো অনিয়ম হয়নি। কয়েক দিনের ভাঙনে নদীতীর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।