ঠিকাদার আসে-যায়, রাস্তা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৮ দশমিক ৭৩ কিলোমিটার সড়ক পাকা করার কাজ শেষ করতে এরই মধ্যে কেটে গেছে পাঁচটি বছর। এই সময়ের মধ্যে মাত্র দুই কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। ওইটুকু কাজ করতে দুজন ঠিকাদার বদল হয়েছেন। বর্তমানে তৃতীয় ঠিকাদার কাজ করছেন।কার্যাদেশ বাতিল করে নতুন দরপত্র আহ্বান করতে গিয়ে সরকারকে গচ্চা দিতে হয়েছে ৩৫ লাখ টাকা। সর্বশেষ তৃতীয় ঠিকাদার ছয় মাসে কিছু কাজ করেছেন ঠিকই, কিন্তু এ দফায়ও সড়কের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাকা করার নামে দীর্ঘদিন ধরে এ সড়কে বালু ও খোয়া ফেলে রাখায় এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, জয়পুরহাটের কালাই উপজেলার কালাই-মোসলেমগঞ্জ-নওটিকা মোড় পর্যন্ত ৮ দশমিক ৭৩ কিলোমিটার সড়ক পাকা করতে ২০০৫ সালে চার কোটি ১৯ লাখ ৭০ হাজার ৫৬৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ পায় মেসার্স প্যারিসা ট্রেড সেন্টার অ্যান্ড ইথেন জয়েন্ট ভেঞ্চার নামে নওগাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের ৩ এপ্রিল প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষ করার জন্য ২০০৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সামান্য কিছু অংশে খোয়া-বালু ফেলে তিন কিস্তিতে প্রায় ৩৭ লাখ টাকা বিল তুলে নিয়ে এলাকা ছাড়ে। দেশে জরুরি অবস্থা চলাকালে বিষয়টি নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থায় আক্কেলপুর উপজেলার স্বপন আকন্দ নামের একজন ঠিকাদারকে অবশিষ্ট কাজ শেষ করার দায়িত্ব দেওয়া হয়। ওই ঠিকাদার সড়কটির দুই কিলোমিটারের মতো অংশ (বৈরাগীহাট থেকে সাঁতার পর্যন্ত) পাকা করেন এবং বাকি রাস্তায় বালু ও খোয়া ফেলেন। পরে প্যারিসা ট্রেড সেন্টার অ্যান্ড ইথেন জয়েন্ট ভেঞ্চার নামেই সাত কিস্তিতে প্রায় দুই কোটি ৫৮ লাখ টাকার বিল তুলে নেওয়া হয়। এরই মধ্যে দেশে জরুরি অবস্থা উঠে গেলে ঠিকাদার স্বপন আকন্দ কাজ ফেলে চলে যান। সিংহভাগ কাজ বাকি থাকলেও ১০ কিস্তিতে ঠিকাদার রাসেল আহম্মেদ ও হাওলাতি ঠিকাদার স্বপন আকন্দ মোট তিন কোটি চার লাখ ৫৫ হাজার টাকার বিল তুলে নেন।দীর্ঘদিনেও কাজটি শেষ না হওয়ায় এলজিইডি গত বছরের ৪ এপ্রিল কার্যাদেশ বাতিল করে ঠিকাদার স্বপন আকন্দের কাছ থেকে মাত্র পাঁচ লাখ ৬৫ হাজার ২২৫ টাকা ক্ষতিপূরণ আদায় করে। ২০০৫ সালে যে কাজটি শেষ করতে বরাদ্দ ধরা হয়েছিল চার কোটি ১৯ লাখ টাকা, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর নতুন করে একই কাজের অবশিষ্ট অংশ শেষ করতে আরও এক কোটি ৫৫ লাখ আট হাজার ৩২০ টাকা বরাদ্দ দিয়ে দরপত্র আহ্বান করা হয়। এতে সরকারকে ৩৫ লাখ টাকা গচ্চা দিতে হয়। তৃতীয় দফায় সড়কের ৬ দশমিক ৭৩ কিলোমিটারের কার্পেটিং করার দায়িত্ব পায় নওগাঁর জেইঅ্যান্ডএমএসএইচ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০০৯ সালের ২৯ ডিসেম্বর কার্যাদেশ পেয়ে নতুন করে কাজ শুরু করে। কাজটি ২০১১ সালের ৭ জানুয়ারির মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু এবারও কাজে মন্থরগতি। গত ছয় মাসে মাত্র চারটি বক্স কালভার্টের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এলাকা ছেড়েছেন। ফলে এখনো সড়কটির অসমাপ্ত আরও প্রায় সাত কিলোমিটার অংশের পাকা করার কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে।তবে জেইঅ্যান্ডএমএসএইচ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার সাজেদুল আলম দাবি করেন, বর্ষার কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করা হবে।আক্কেলপুরের ঠিকাদার স্বপন আকন্দ প্রথম আলোকে বলেন, ‘কাজ করতে গিয়ে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়তে হয়। কারণ যে সময় কাজটির দরপত্র আহ্বান করা হয়, সে সময়ের দরের চেয়ে নির্মাণ উপকরণের দর বেড়ে দ্বিগুণের চেয়েও বেশি হয়ে যায়। এ কারণেই শেষ পর্যন্ত কাজটি ফেলে আসতে বাধ্য হই। কাজটি ফেলে আসার কারণে এলজিইডি আমার কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করেছে।’এ ব্যাপারে মেসার্স প্যারিসা ট্রেড সেন্টার অ্যান্ড ইথেন জয়েন্ট ভেঞ্চার নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্ণধার নওগাঁর রাসেল আহম্মেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এলজিইডি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী লুত্ফর রহমান সড়কের কাজের ধীরগতির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, সড়কটিতে কাজের গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে ইতিমধ্যে দুই দফা তাগাদা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে বুঝে নেওয়া হবে।