ঠিকাদার ও শ্রমিক হত্যার সন্দেহভাজন যুবক পুলিশের গুলিতে নিহত
রাজধানীর মধ্য বাড্ডায় গতকাল মঙ্গলবার চাঁদার দাবিতে ঠিকাদার ও নির্মাণশ্রমিককে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক আসামি আজ বুধবার পুলিশের গুলিতে মারা গেছেন। তাঁর নাম মনিরুল ইসলাম সোহাগ (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকশিমনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে বাড্ডা থানাধীন আফতাব নগরের ৩ নম্বর সেক্টরের এম ব্লকের একটি বাসায় অভিযান চালায় বাড্ডা থানা পুলিশ। ঘটনা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মনিরুল ও অন্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মনিরুল গুলিবিদ্ধ হন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে জুয়েল (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জুয়েল একজন অস্ত্র সরবরাহকারী। তাঁর কাছ থেকে গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গতকাল মধ্য বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঠিকাদার ফারুক ও নির্মাণশ্রমিক মিলন নিহত হন। চাঁদা না দেওয়ায় তাঁদের হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য, ময়নারবাগের বাসিন্দা ফারুক হোসেন তাঁর পৈতৃক জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। কয়েক দিন আগে নীরব নামের এক সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করেন। টাকা নেই বলে চাঁদা দিতে অপারগতার কথা জানান তিনি। গতকাল সকালে সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ফারুক ও মিলন নিহত হন।
এ ঘটনার পর বাড্ডা থানা পুলিশ একটি মামলা দায়ের করে।