সড়ক ভবনে গুলির ঘটনায় জড়িত ঠিকাদারদের কালোতালিকাভুক্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) যেসব কর্মচারী ওই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের শাস্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। গতকাল রোববার সকালে সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিকের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান ও সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী। পরে যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন তদন্ত কমিটির প্রধান ও সচিব। ওবায়দুল কাদেরের বক্তব্য: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক ভবনের গুলির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আরও একটি তদন্ত কমিটি সড়ক ভবনের ঠিকাদারি নিয়ন্ত্রণ বিষয়ে তদন্ত করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ আগামী ফেব্রুয়ারির মধ্যেই শুরু হবে। তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই কথা বলছি, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি প্রমাণিত হলে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা যা করে, তাই করব।’পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংকের জন্য আমাদের দরজা সব সময় খোলা। বিশ্বব্যাংকের জট খোলার দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের। বিকল্প অর্থায়ন করা হলেও বিশ্বব্যাংকের জন্য দরজা বন্ধ করে দিতে পারি না। যা করব, বিশ্বব্যাংকের সাঙ্গে সমঝোতা করেই করব।’