ঠিকাদার গৌরনদী ছাত্রলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের কাজের প্রতিবাদ করায় বরিশালের গৌরনদী উপজেলায় ছাত্রলীগের এক নেতা এবং তাঁর সহযোগীরা হামলা করে ছয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার দোনারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার ছাত্রলীগ নেতা শাওন হাওলাদার ও তাঁর ২৪ জন সহযোগীর নাম উল্লেখ করে গৌরনদী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দোনাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল কার্যালয় থেকে ৩৭ লাখ ১০ হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। ‘মেসার্স তামিম এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক উপজেলা ছাত্রলীগের সদস্য শাওন হাওলাদার। গত সোমবার ওই প্রতিষ্ঠানটি বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে চতুর্থ তলা ভবনের ভিত্তির ঢালাইয়ের কাজ শুরু করে। কাজটি নিম্নমানের হচ্ছে, জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্প রানী হালদার বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অভিনাশ সরকারকে জানান।
অভিনাশ সরকার বলেন, বিকেল চারটায় তিনি ঘটনাস্থলে পৌঁছে শাওনকে নিম্নমানের কাজ করতে নিষেধ করেন। শাওন তা উপেক্ষা করে কাজ অব্যাহত রাখেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শাওন রড নিয়ে অভিনাশকে মারতে উদ্যত হন ও পুষ্প রানীর শ্লীলতাহানি করেন। একপর্যায়ে বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজনের সঙ্গে ঠিকাদার ও তাঁর লোকজনের হাতাহাতি হয়।
উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ‘ঠিকাদার অসৎ উদ্দেশ্যে আমাদের না জানিয়ে নির্মাণকাজ শুরু করেছিলেন। এ জন্য গতকালই তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন গ্রামবাসী জানান, ওই ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় শাওন এবং তাঁর ৫০-৬০ জন সহযোগী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে দোনারকান্দী গ্রামে হামলা চালান। এ সময় হামলাকারীরা সুশীল সরকার, অনীল সরকার, গণেশ সরকার, কৃঞ্চকান্ত বিশ্বাস, গৌতম সরকার ও সতীস চকিদারের বসতঘরের দরজা-জানালা, আসবাব ভাঙচুর এবং নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করেন। ওই হামলায় কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের কয়েকজনকে গৌরনদী ও আগৈলঝাড়া স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সুশীল সরকার ও অনীল সরকার জানান, হামলাকারীরা নারী-শিশুসহ বাড়ির লোকজনকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। একপর্যায়ে তাঁরা গণেশ সরকারের বাড়ির সর্বজনীন মন্দিরে হামলা চালান এবং মন্দিরে থাকা পাঁচটি মূর্তি ভাঙচুর করেন। রাত সাড়ে সাতটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বক্তব্য জানার জন্য শাওন হাওলাদারের একাধিক মুঠোফোন নম্বরে বহুবার যোগাযোগ করা হয়। কিন্তু সব কটি সংযোগই বন্ধ পাওয়া যায়। তবে ওই প্রকল্পের প্রধান মিস্ত্রি মো. সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিনাশ ও তাঁর লোকজন অনৈতিক সুবিধা না পেয়ে আমাদের ওপর হামলা চালান।’
সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় গতকাল অভিনাশ সরকার শাওনকে প্রধান আসামি করে এবং তাঁর ২৪ জন সহযোগীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সাইফুল ইসলাম, হারুন মোল্লা, টিপু মৃধা ও কামরুল ইসলাম নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।