ঠিকাদার গ্রেপ্তার ঘটনা তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়ায় কারখানার নির্মাণাধীন ভবনধসের ঘটনায় গত শুক্রবার পুলিশ এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তে গতকাল শনিবার তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আন্ধারমানিক পূর্বপাড়ায় সাহাবুদ্দিন (এমএস) স্পিনিং লিমিটেড নামে একটি কারখানা মসজিদ করার কথা বলে ভবন নির্মাণ করছিল। এ জন্য পৌরসভা থেকে অনুমতিও নেওয়া হয়নি। ঠিকাদার আজিজুর রহমান নির্মাণকাজ করছিলেন। বৃহস্পতিবার দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের একপর্যায়ে সন্ধ্যায় ছাদটি ধসে পড়ে। এতে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। এ ঘটনায় কাজে অবহেলার অভিযোগে পুলিশ
মামলা করে। মামলায় শুক্রবার ঠিকাদার আজিজুরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অনুমোদন না নেওয়ায় পৌর কর্তৃপক্ষ থানায় একটি জিডি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান বলেন, ভবনধসের ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, নির্মাণকাজে ঠিকাদারের অবহেলা ছিল। এ কারণে ছাদ ধসে পড়ে।