ঠিকাদার গ্রেপ্তারের প্রতিবাদে মেয়র আইভী থানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জাকির হোসেন নামে এক ঠিকাদারকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার রাতে সদর মডেল থানায় গিয়ে অবস্থান নেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। রাত সোয়া একটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি থানাতেই ছিলেন।
জাকির হোসেন নারায়ণগঞ্জ শহরের জিমখানা-বাবুরাইল এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকার হাতিরঝিলের আদলে নির্মাণাধীন লেক ও বিনোদন পার্কের ঠিকাদার। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে মেয়র আইভী গতকাল রাত ১১টায় থানায় যান।
রাত ১০টায় রত্ন এন্টারপ্রাইজের প্রকল্প অফিস থেকে ঠিকাদার জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রেলওয়ের কানুনগো ইকবাল মাহমুদ গতকাল বিকেলে জাকির হোসেনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা খুনের উদ্দেশ্যে রেলওয়ের কর্মকর্তাদের মারধর করে। তারা রেলওয়ের সম্পত্তি দখল করে অবৈধ পার্ক নির্মাণ করছে। এ মামলায় আসামি করা হয় সিটি করপোরেশনের ঠিকাদার আবু সুফিয়ান, জাকির হোসেনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে।
রাত ১২টায় মেয়র আইভী থানায় সাংবাদিকদের বলেন, ‘যথাযথ তদন্ত ছাড়াই পুলিশ জাকির হোসেনকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। একটি প্রভাবশালী মহল জিমখানা দেওভোগে লেক ও বিনোদন পার্কের নির্মাণকাজ বন্ধের জন্য মিথ্যা মামলা দিয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাতে থানায় অবস্থান নিয়েছি।’
সদর মডেল থানার ওসি আবদুল মালেক বলেন, রেল কর্তৃপক্ষ মামলা দায়ের করার পর আসামি হিসেবেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।