ঠিকাদার দিয়েছেন তিনিও নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত মাসে কমপ্লেক্সটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে একটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এয়ারকন্ডিশনার বা এসি) উপহার দিয়েছে। অনুমোদন না থাকলেও ওই কর্মকর্তা সম্প্রতি নিজ কক্ষে যন্ত্রটি লাগিয়েছেন এবং ব্যবহারও করছেন। ওই কর্মকর্তার ভাষ্য, ‘খুশি হয়ে কেউ কিছু উপহার দিলে সেটা গ্রহণ করতে হয়।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুই বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হয়। কাজ পায় কমিউনিকেশন মেইনটেন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট (সিএমএমইউ) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষে গত এপ্রিলের শুরুর দিকে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্য কমপ্লেক্সটি হস্তান্তর করে। এর পরই একদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে একটি শীতাতপ যন্ত্র চালু অবস্থায় দেখা যায়। নিয়মানুযায়ী ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্ত্রোপচার কক্ষের জন্য দুটি শীতাতপ যন্ত্র কেনার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি আরও একটি যন্ত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে লাগিয়ে দিয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোবিন্দ মোহন সাহা বলেন, ‘ঠিকাদার খুশি হয়ে ওটা (শীতাতপ যন্ত্র) লাগিয়ে দিয়েছে। আর খুশি হয়ে কেউ কিছু উপহার দিলে তা গ্রহণ করতে হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা বলেন, ‘আমার কক্ষেই এসি লাগানোর অনুমতি নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি লাগানোর প্রশ্নই ওঠে না।’ জয়পুরহাটের সিভিল সার্জন আবু বকর সিদ্দিকী জানান, উপজেলা পর্যায়ে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র লাগানোর অনুমোদন নেই।সুশাসনের জন্য নাগরিক (সুজন) ক্ষেতলাল উপজেলা কমিটির সভাপতি আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, যারা প্রতিষ্ঠানের নির্মাণকাজ করছে, তাদের কাছ থেকে উপহার নেওয়া ঠিক নয়।