ঠিকাদার নিয়ন্ত্রকেরাও কাউন্সিলর প্রার্থী
আইনে মোটা দাগে সিটি করপোরেশনের কাজ চিহ্নিত করা আছে ২৮টি। সড়ক নির্মাণ, মেরামত, রক্ষণাবেক্ষণসহ বেশির ভাগ কাজই করা হয় ঠিকাদারের মাধ্যমে। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অন্তত ৯০ জন ঠিকাদার। এঁদের একটি বড় অংশ দুই সিটি করপোরেশনে ঠিকাদারি ব্যবসা করে।
নির্বাচন কমিশনে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা উত্তরে ঠিকাদার কাউন্সিলর প্রার্থী ৫১ জন, দক্ষিণে ৩৯। এই হিসাব করা হয়েছে শুধু পেশার ঘরে ‘ঠিকাদার’ লেখা প্রার্থীদের নিয়ে। এর বাইরে ইজারাদার ও সরবরাহকারীও আছেন। এঁরাও একধরনের ঠিকাদার।
বিএনপি ও আওয়ামী লীগ ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৩টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করেছে। সেই তালিকা অনুসারে আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদার প্রার্থী ১৫ জন, আর বিএনপি-সমর্থিত প্রার্থীদের মধ্যে ঠিকাদার নয়জন। এর বাইরে যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা। দলের সমর্থন না পেয়ে তাঁরা ব্যক্তিগত উদ্যোগে নির্বাচন করছেন, আর বিএনপি-সমর্থিত ঠিকাদারদের অনেকেই কাজ পাননি বলে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, সরকারি দল-সমর্থিত ঠিকাদারদের মধ্যে যাঁরা কাউন্সিলর প্রার্থী হয়েছেন, তাঁদের অনেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান থাকার পরও নিজে কাজ করেন না, কাজ ভাগাভাগি করে কমিশন নিয়ে নেন। আর যাঁরা সরাসরি সিটি করপোরেশনে ঠিকাদারি করেন, তাঁদের অনেকেই নির্বাচনে অংশ নিতে নিজের নামে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান অন্যের নামে হস্তান্তর করে দিয়েছেন।
দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশনে ঠিকাদারি করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মগবাজার-নয়াটোলা (৩৬ নম্বর ওয়ার্ড) এলাকার আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী তৈমুর রেজা। নির্বাচন কমিশনের হলফনামাতেও পেশা হিসেবে ঠিকাদারি উল্লেখ করেছেন। তিনি আবার আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর (শাওন) স্ত্রীর বড় ভাই। ঢাকা সিটি করপোরেশনের ঠিকাদারিতে তাঁর একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
জানতে চাইলে তৈমুর রেজা দাবি করেন, তিনি ঢাকা সিটি করপোরেশনে অনেক আগে ঠিকাদারি করতেন। এখন ছেড়ে দিয়েছেন। ১৩ বছর ধরে কোনো কাজ নেই।
ঢাকা উত্তরের মিরপুর এলাকার (৭ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোবাশ্বের চৌধুরী। তাঁরও দাবি, আগে ঠিকাদার ছিলেন, এখন নেই। এখন ঢাকা ওয়াসায় ঠিকাদারি করেন তিনি।
কাউন্সিলর হয়ে আবারও সিটি করপোরেশনে ফিরে আসবেন কি না, এমন প্রশ্নে মোবাশ্বের বলেন, ‘তখন তো মানসম্মান থাকবে না। মালিক হয়ে কি কেউ কর্মচারীর ভূমিকায় থাকে?’
বর্তমানে দুই সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৬৬৩ জন। সিটি করপোরেশনের নিজস্ব কাজ ছাড়াও ওয়াসা, টিঅ্যান্ডটি, বিদ্যুৎ বিভাগের সঙ্গে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ আছে। কাউন্সিলর প্রার্থীদের অনেকেই নিজেকে ওয়াসা কিংবা বিদ্যুৎ বিভাগের ঠিকাদার বলে উল্লেখ করেছেন। এ ধরনের আরও ৫৬টি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সিটি করপোরেশনের সম্পর্ক রয়েছে।
সিটি করপোরেশন আইনে মেয়র ও কাউন্সিলরদের অযোগ্যতা হিসেবে দ্বিতীয় অধ্যায়ের ৯ ধারার ‘জ’ উপধারায় বলা আছে, ‘তাহার পরিবারের কোনো সদস্য সংশ্লিষ্ট সিটি করপোরেশনে কার্য সম্পাদনের জন্য বা মালামাল সরবরাহের জন্য ঠিকাদার হন বা ইহার জন্য নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার হন বা সিটি করপোরেশনের কোনো বিষয়ে তাহার কোনো আর্থিক স্বার্থ থাকে বা তিনি সরকার কর্তৃক নিযুক্ত অত্যাবশ্যকীয় পণ্যের ডিলার হন, তাহলে মেয়র বা কাউন্সিলর পদের অযোগ্য হইবেন।’
এই অনুচ্ছেদের ‘ছ’ উপধারায় অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে, ‘কোনো সমবায় সমিতি বা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি ব্যতীত, সরকারকে পণ্য সরবরাহ করিতে বা সরকার কর্তৃক গৃহীত কোনো চুক্তির বাস্তবায়ন বা সেবা কার্যক্রম সম্পাদনের জন্য, তিনি তাহার নিজ নামে বা ট্রাস্টি হিসেবে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে বা তাহার সুবিধার্থে বা তাহার ওপরে বা কোনো হিন্দু যৌথ পরিবারের সদস্য হিসেবে তাহার কোন অংশ বা স্বার্থ আছে এইরূপ চুক্তিতে আবদ্ধ হইয়া থাকেন।’
ঢাকা দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ কে এম মোমিনুল হকের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বৈশাখী এন্টারপ্রাইজ। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, গণপূর্ত অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও বিআইডব্লিউটিএতে তিনি ঠিকাদারি করেন। সিটি করপোরেশনে ঠিকাদারি করেন না এবং ভবিষ্যতে করবেনও না।
ঢাকা দক্ষিণের গুলিস্তান-পল্টন এলাকার (২০ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদার কাউন্সিলর প্রার্থী ফরিদ উদ্দিন দাবি করেন, তাঁর ব্যবসা বিদ্যুৎ খাতে। সিটি করপোরেশনের ঠিকাদারি নিয়ন্ত্রণ করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁর ১৪ গোষ্ঠীর কেউ সিটি করপোরেশনে কাজ করেন না। নিয়ন্ত্রণ করার তো প্রশ্নই আসে না।
ঢাকা দক্ষিণের শান্তিনগর ও রমনা এলাকার (ওয়ার্ড ১৯) বিএনপি-সমর্থিত ঠিকাদার প্রার্থী আরিফুল ইসলামের দাবি, তাঁর ঠিকাদারি ব্যবসা রাজউকে। তবে রাজনৈতিক প্রতিকূল পরিবেশের কারণে দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে পারছেন না।
ঠিকাদারদের ওয়ার্ড: রাজধানীর পাইকপাড়া এলাকা নিয়ে গঠিত ১১ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়জন। এর মধ্যে চারজনেরই পেশা ঠিকদারি।
এই ওয়ার্ডের প্রার্থী মামুন মিয়া শাহজাহানের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। একটি বিদ্যুৎ ভবনে, অন্যটি গণপূর্ত বিভাগে ঠিকাদারি কাজ করে। শাহজাহানের প্রতিষ্ঠানগুলো হচ্ছে নওশীন এন্টারপ্রাইজ ও খোন্দকার শাহীন আহমেদ। এই ওয়ার্ডের আরেক প্রার্থী এ কে এম দেলোয়ার হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম সাজিদ এন্টারপ্রাইজ। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আর মামুন যুগ্ম সম্পাদক।
ওই ওয়ার্ডের আরও দুই ঠিকাদার প্রার্থী হচ্ছেন এম এ কাইউম ও জসীম উদ্দিন। কাইউমের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কাইউম অ্যান্ড ব্রাদার্স। আর ডানসান জেনারেল ট্রেডিং হচ্ছে জসীমের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে সবচেয়ে বেশি পাঁচজন ঠিকাদার প্রার্থী ২৬ নম্বর ওয়ার্ডে। আজিমপুর এলাকার এই ওয়ার্ডটিতে ওসমান অ্যান্ড সন্সের মালিক ওসমান গণি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। আর মীর আশরাফ আলী আজম বিএনপি-সমর্থিত। এর বাইরে রয়েছেন মতিউর রহমান জামাল। তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম তানিম এন্টারপ্রাইজ। সুইট ট্রেডার্সের মালিক বদিউল আলম। ঠিকাদার মতিউর রহমান মিনারও ঠিকাদারি প্রতিষ্ঠান গ্লোরিয়াস কনস্ট্রাকশনের মালিক। এই ওয়ার্ডে সব মিলিয়ে প্রার্থী আছেন আটজন। অন্যদের মধ্যে সেলিম খানের রয়েছে সরবরাহের ব্যবসা।
মতিঝিল এলাকা নিয়ে গঠিত ঢাকা দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী মাত্র পাঁচজন। এর মধ্যে তিনজনই ঠিকাদারি ব্যবসায় নিয়োজিত। আওয়ামী লীগ-সমর্থিত মারুফ আহমেদ মনসুরের প্রতিষ্ঠানের নাম উন্নয়ন ট্রেডার্স। বিএনপি-সমর্থিত হারুনুর রশীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ঐশিক এন্টারপ্রাইজ। আরেক প্রার্থী জাহিদুল ইসলামের প্রতিষ্ঠানের নাম রুবানা এন্টারপ্রাইজ।
দুই সিটিতে আরও প্রায় ছয়টি ওয়ার্ড পাওয়া গেছে, যেখানে তিন বা ততোধিক কাউন্সিলর প্রার্থী পেশা হিসেবে ঠিকাদারি উল্লেখ করেছেন।