ঠিকাদার নিয়োগ করতে না পারায় ঝুলে গেছে পৌরভবনের কাজ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৌরভবন নির্মাণের জন্য দরপত্র জমা নেওয়ার দুই মাস পরও ঠিকাদার নিয়োগ দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাক্কলিত মূল্যের চেয়ে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান কম মূল্য দেখিয়ে দরপত্র জমা দেওয়ায় নিম্নমানের কাজ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঠিকাদার নিয়োগ করতে না পারায় পৌরসভার ভবন নির্মাণের কাজ ঝুলে গেছে। এতে ভাড়া ভবনে ১৮ বছর ধরে পৌরসভার কার্যক্রম চালাতে গিয়ে দেখা দেওয়া সমস্যাগুলোর কোনো সমাধানও হচ্ছে না।
নালিতাবাড়ী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরভবন নির্মাণের জন্য সরকার দুই কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়। গত ৮ জুলাই নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বান করে পৌরসভা। ৩১টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। গত ১৪ আগস্ট দরপত্রের বাক্স খোলা হয়। ১২০ দিনের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এরা সবাই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্য দেখিয়ে দরপত্র জমা দিয়েছে। এদের মধ্যে ঢাকার উইজডম ইন্টারন্যাশনাল ২১ শতাংশ, জামালপুরের নাগ ট্রেডার্স ১৮ শতাংশ, টাঙ্গাইলের নাবিলা এন্টারপ্রাইজ ১৬ শতাংশ ও শেরপুরের দ্রুব কনস্ট্রাকশন সাড়ে ১৫ শতাংশ কম মূল্য দেখিয়েছে।
পৌর প্রশাসন ও অধিকাংশ ঠিকাদার মনে করেন, কম মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দেবে। এ ছাড়া স্থানীয়ভাবে পৌরসভার পুনরায় দরপত্র আহ্বানের (রিটেন্ডার) করার ক্ষমতাও নেই।
নাগ ট্রেডার্সের অংশীদার মানিক কুমার বলেন, ‘দুই মাস অতিবাহিত হয়ে গেছে। আজ-কাল বলে এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। নিয়ম না মেনে মনগড়া কোনো সিদ্ধান্ত দিলে বিষয়টি নিয়ে আমরা আইনগত ব্যবস্থায় যাব।’
পৌরসভার প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান যে মূল্যে লেস দিয়েছে, তা দিয়ে ভালো কাজ করা সম্ভব নয়। এ কারণে আমরা ঠিকাদার নিয়োগ দিতে পারিনি। এ ছাড়া স্থানীয়ভাবে পৌরসভার রিটেন্ডার (পুনঃ দরপত্র আহ্বান) করার ক্ষমতাও নেই। তবে স্থানীয়ভাবে ঠিকাদারদের সমন্বয় না থাকায় কাজের কিছুটা বিলম্ব হয়েছে।’
পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন বলেন, ভবন নির্মাণে ঠিকাদার নির্বাচনের জন্য কয়েক দফায় বৈঠক করেছি। কিন্তু কোনো সমাধানে আসা যায়নি। টেন্ডার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।