ঠিকাদার নিয়োগ দেওয়ার আগ মুহূর্তে চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্পের প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে সরিয়ে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামকে। গত ৯ ফেব্রুয়ারি তিনি চউকের এই প্রকল্পে যোগদান করেন।
হঠাৎ করে প্রকল্প পরিচালক পরিবর্তন করায় প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চউকের সংশ্লিষ্ট প্রকৌশলীরা। বর্তমানে প্রকল্পের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করতে চউক ও জেলা প্রশাসন যৌথভাবে জরিপ কার্যক্রম পরিচালনা করছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব তাহেরা ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে আউটার রিং রোড প্রকল্পের জন্য নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি (নুরুল ইসলাম) দায়িত্ব বুঝে নিয়েছেন।’
জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর ছিল এই প্রকল্পের দরপত্র জমা দেওয়ার শেষ সময়। ওই সময় বাংলাদেশসহ চারটি দেশের ১৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এখন শেষ মুহূর্তের যাচাই-বাছাই চলছে।
চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, ‘সরকারি অনুমোদন ও অর্থ ছাড়সহ বিভিন্ন প্রক্রিয়া শেষে এই প্রকল্পের কাজ গুছিয়ে আনতে আমাদের প্রায় পাঁচ বছর সময় লেগেছে। এখন ভূমি অধিগ্রহণের কাজ চলছে। ঠিক এই মুহূর্তে প্রকল্প পরিচালক পরিবর্তন করে অনভিজ্ঞ কাউকে এই দায়িত্ব দেওয়া উচিত নয়। এতে প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।’
প্রকল্প পরিচালক পরিবর্তনের বিষয়ে তাঁকে এখনো পর্যন্ত দাপ্তরিকভাবে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
চউক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা স্টেডিয়াম এলাকা পর্যন্ত ২২ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের সংশোধিত ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৯৬ কোটি টাকা ৩৫ লাখ ৭১ হাজার টাকা। প্রথমে এর ব্যয় ধরা হয়েছিল ৮৬৫ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা।
চউকের ইতিহাসে অন্যতম সর্ববৃহৎ এই প্রকল্পে অর্থায়ন করছে সরকার, জাইকা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রকল্প বাস্তবায়নে সরকার দেবে ৬৯৮ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা, জাইকা ৭১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার টাকা এবং বন্দর কর্তৃপক্ষ ৮২ কোটি ৪৮ লাখ ৬১ হাজার টাকা।
চট্টগ্রাম শহর রক্ষা বাঁধ শক্তিশালী এবং বিমানবন্দর, ইপিজেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাই হবে এ প্রকল্পের মূল উদ্দেশ্য। তা ছাড়া এ সড়ক নির্মিত হলে নগরের যানজট নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।
চউক সূত্রে জানা গেছে, এ সড়ক নির্মাণের জন্য ৯০ দশমিক ৩৬১ একর জমি অধিগ্রহণ করা হবে এবং এ খাতে ব্যয় হবে ৪৯৩ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা। এ ছাড়া উপকূলীয় বাঁধ এলাকায় বসবাসরত লোকজনের পুনর্বাসনে খরচ হবে ৩৩২ কোটি ২০ লাখ টাকা। বাকি অর্থ সড়কের নির্মাণকাজে ব্যয় করা হবে।