ঠিকাদার রাস্তার কাজ খারাপ করলে 'ধরে উপযুক্ত বিচার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ফরিদপুরের নগরকান্দায় রাস্তা নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। তিনি যেসব ঠিকাদার রাস্তার কাজ খারাপ করবেন, তাঁদের ‘ধরে উপযুক্ত বিচার’ করতে জনগণের প্রতি আহ্বান জানান।

গতকাল সোমবার বিকেলে নগরকান্দা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ উপনেতা। তিনি আরও বলেন, ‘আমি নগরকান্দায় এত উন্নয়ন করেছি। কিন্তু ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কটির এত বেহাল দশা, যা ভাষায় বর্ণনা করা কঠিন।’ এই সড়কটির জন্য অর্থ বরাদ্দ হয়েছে উল্লেখ করে সংসদ উপনেতা বলেন, ‘যে ঠিকাদার এ কাজ করবেন, তাঁর কাজ আপনারা বুঝে নেবেন। ঠিকাদারেরা যাতে রাস্তার কাজ খারাপ করতে না পারেন, সেদিকে নজর রাখবেন।’

উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর বাজারসংলগ্ন মাঠে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর ওরফে বাবলু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল।

অনুষ্ঠানে সৈয়দা সাজেদা চৌধুরী নগরকান্দার রামনগর ও ডাংগী ইউনিয়নের ৪১৮টি বানভাসি পরিবারের সদস্যদের হাতে ৩০ কেজি চাল, দুই কেজি তেল, দুই কেজি আলু, এক কেজি লবণসহ ত্রাণ ­তুলে দেন।