পুলিশ সুপারের কার্যালয়ে রাখা বাক্সে দরপত্র ফেলতে আসা একজন ঠিকাদারকে লাঞ্ছনার অভিযোগে আটক ইফতেখার আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। ৫৪ ধারায় আটক দেখিয়ে গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) রনি সাহা গতকাল বুধবার সন্ধ্যায় বলেন, দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এটি কোন মামলা নয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
১৫ কোটি টাকারও বেশি ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচরিক হাকিমের আদালত ভবনের সম্প্রসারণকাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত সোমবার। এ দিন দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে দরপত্র ফেলতে গিয়ে লাঞ্ছিত হন মনির হোসেন বকুল নামে এক ঠিকাদার। বকুলের অভিযোগ, থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক এজাবুল হকের নেতৃত্বে কয়েকজন তাঁকে লাঞ্ছিত করেন। এ সময় তাঁর দরপত্রের আংশিক কাগজপত্রও ছিনিয়ে নেওয়া হয়। এতে করে তাঁকে অসম্পূর্ণ দরপত্রই জমা দিতে হয়েছে।
এ বিষয়ে গতকাল বুধবার প্রথম আলোয় ‘আ.লীগ নেতাদের হাতে ঠিকাদার লাঞ্ছিত’ শিরোনামে সংবাদ পরিবেশিত হয়েছে।