ঠিকাদার হত্যার নেপথ্যে ডিশ ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পীরেরবাগে গত সোমবার রাতে গুলিবিদ্ধ ঠিকাদার আনিসুর রহমান (৪৫)  মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, ডিশ লাইনের ব্যবসার নিয়ন্ত্রণ, ঠিকাদারি নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

হামলার ঘটনার বিবরণ দিয়ে আনিসুরের বন্ধু রবিউল ইসলাম বলেন, সোমবার রাত ৯টার দিকে আনিসুর ও তিনি ইকবাল রোডে একটি ফার্মেসির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই ব্যক্তি হেঁটে এসে আনিসুরকে গুলি করে চলে যায়। পরে ওই রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আরেকটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়ার পরে রাতেই তাঁর মৃত্যু হয়।

আনিসুরের বন্ধু ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, স্থানীয় এক ব্যক্তি শেওড়াপাড়া এলাকায় ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করেন। সম্প্রতি আনিসও এই ব্যবসা করতে চেয়েছিলেন। এ নিয়ে বিরোধ চলছিল। তা ছাড়া আনিস বিভিন্ন ভবন নির্মাণে ইট-বালু সরবরাহের ঠিকাদারি করতেন। এ নিয়েও একটি পক্ষ তাঁর শত্রুতে পরিণত হয়। এসব ঘটনার জেরে তাঁকে হত্যা করা হতে পারে।

পুলিশের মিরপুর বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঠিকাদারি ও কেব্‌ল ব্যবসা নিয়ে বিরোধের কিছু তথ্য পাওয়া গেছে। এলাকার প্রভাব বিস্তারের কিছু বিষয়ও সামনে এসেছে। তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত চলছে।