ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের উচ্চমান সহকারীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে চেষ্টার অভিযোগে সাতজন ঠিকাদার লিখিত অভিযোগ করেছেন। গতকাল বুধবার তত্ত্বাবধায়ক নুরুজ্জামান আহমেদের কাছে তাঁরা এ অভিযোগ দেন।
হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালের জন্য আউট সোর্সিং পদ্ধতিতে ওটি বয়, আয়া, কুক, ইলেকট্রিশিয়ান, ওয়ার্ড বয়, মালি, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীসহ আটটি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়ার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ঠিকাদার/ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করেন। গত শনিবার দরপত্র কেনার শেষ দিন ছিল। দরপত্র গ্রহণ ও খোলার শেষ দিন ছিল রোববার।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি হাসপাতালে আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। এ কাজে দাখিল করা দরপত্রের মধ্য থেকে তত্ত্বাবধায়কের দপ্তরের উচ্চমান সহকারী রফিকুল ইসলাম ব্যক্তিগতভাবে বিভিন্ন ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি অর্থের বিনিময়ে একজন ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা শুরু করছেন। তিনি দাখিল করা নন-রেসপনসিভ শিডিউল আবার কিছু ঠিকাদারের কাছে নিয়ে গিয়ে কাগজপত্র ঠিকঠাক করে আনেন। এ জন্য তিনি অফিস সময়ের পরে কার্যালয়ের ফাইল বাইরে নিয়ে টেন্ডার ওপেনিং কমিটির (টিওসি) সদস্যদের স্বাক্ষর নেন। এসব অভিযোগের সত্যতার প্রমাণ রয়েছে বলে দাবি করেন ওই সাত ঠিকাদার।
অভিযোগকারীদের অন্যতম রংপুরের স্বরলিপি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বলেন, ‘তথ্য-প্রমাণের আলোকে আমরা রফিকুলের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। ওই দরপত্রের যাবতীয় কাগজপত্র তাঁর কাছ থেকে নিয়ে সঠিকভাবে দরপত্র প্রক্রিয়া শেষ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, তা দেখার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরুজ্জামান আহমেদ বলেন, এ অভিযোগের বিষয়টি তদন্ত করে এর সত্যতা পাওয়া গেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে আইন ও দাপ্তরিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। কথা বলার জন্য রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।