ম্যাজিস্ট্রেট ও একজন ঠিকাদারের মধ্যে কথা-কাটাকাটির জেরে চট্টগ্রাম সিটি করপোরেশনে গতকাল বৃহস্পতিবার এক অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়। এক পর্যায়ে ঠিকাদারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতকড়া পরিয়ে কিছুক্ষণ আটকে রাখেন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়।আবু জাফর নামের ওই ঠিকাদার অভিযোগ করেছেন, বিকেলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. আবদুর রহমানের কক্ষে একটি অভিযোগ নিয়ে কথা বলতে গেলে তিনি তাঁকে কক্ষ থেকে বের করে দেন। তিনি আবার কক্ষে প্রবেশ করে নিজের পরিচয় দেন এবং কথা বলার চেষ্টা করেন। তখন ম্যাজিস্ট্রেটের নির্দেশে উপস্থিত পুলিশ তাঁকে হাতকড়া পরিয়ে প্রায় ১৫ মিনিট বসিয়ে রাখে। খবর পেয়ে বেশ কয়েকজন ঠিকাদার ম্যাজিস্ট্রেট কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলামের মধ্যস্থতায় প্রায় এক ঘণ্টা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। কাজী মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি ওই ঠিকাদারকে চিনতে পারিনি। এ ছাড়া তখন আমার কক্ষে আদালতের কাজ চলছিল। তিনি বারবার কক্ষে প্রবেশ করায় আমি হাতকড়া পরানোর নির্দেশ দিই। পরে পরিচয় পাওয়ায় ভুল বোঝাবুঝির অবসান হয়।’