ঠিকাদারদের আইনি লড়াইয়ে বন্ধ শোধনাগার তৈরির কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারের সঙ্গে দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠানের আইনি লড়াইয়ে থমকে আছে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের শোধনাগার তৈরির কাজ। ফলে চার দফা সময় বাড়ানোর পরও এক হাজার ৫১০ কোটি টাকার প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ে শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জানা গেছে, মূল চীনা ঠিকাদার সিনটেক-বেইজিং সাউন্ড ও দেশীয় সাব-ঠিকাদার প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের দ্বন্দ্বে দুই মাস ধরে প্ল্যান্ট তৈরির কাজ বন্ধ আছে। এর আগে আড়াই বছরের নির্ধারিত সময়ে কাজ হয়েছে মাত্র ২৬ শতাংশ। এ অবস্থায় কাজ শেষ করতে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটিকে আগামী অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী ও প্রকল্পটির পরিচালক আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের চুক্তি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে। তারা কাদের সঙ্গে কীভাবে কাজ করল কিংবা তাদের মধ্যে কী দ্বন্দ্ব হলো, সেটা আমাদের দেখার দায়িত্ব না। কিন্তু গত দুই মাস ধরে কাজ বন্ধ হয়ে আছে। এতে করে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘যেভাবেই হোক নির্ধারিত সময়ে কাজ শেষ করতে বারবার তাগাদা জানিয়ে চিঠি দিচ্ছি সিনটেককে। না হলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেব। বিষয়টি ইতিমধ্যে লিখিতভাবে তাদের জানানো হয়েছে।
ওয়াসা সূত্র জানিয়েছে, জাইকা ও সরকারি অর্থায়নে ১৪ কোটি লিটার পানি উৎপাদনের লক্ষ্যে ২০১০ সালের ফেব্রুয়ারিতে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১-এর কাজ শুরু হয়। প্রকল্পটির কাজ তিনটি প্যাকেজে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম প্যাকেজ পানি শোধনাগার (ট্রিটমেন্ট প্ল্যান্ট) তৈরির কাজ পায় সিনটেক-বেইজিং সাউন্ড জেভি (চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন ও বেইজিং সাউন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড জয়েন্ট ভেনচার)। এ প্যাকেজের ব্যয় ধরা হয় ৩০০ কোটি টাকা। চুক্তি অনুযায়ী ২০১৪ সালের ৮ মে এর মধ্যে সম্পূর্ণভাবে কাজ শেষ করে চট্টগ্রাম ওয়াসাকে বুঝিয়ে দেওয়ার কথা সিনটেকের।
জানা গেছে, কাজ পেয়ে চীনা প্রতিষ্ঠানটি সঙ্গে নেয় এ দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডকে। কিন্তু শুরু থেকেই ধীরগতিতে চলতে থাকে প্যাকেজটির কাজ। সর্বশেষ এ বছরের মার্চ পর্যন্ত কাজের অগ্রগতি ২৬ শতাংশ হওয়ায় এপ্রিলের ১০ তারিখ প্রজেক্ট বিল্ডার্সকে বাদ দেয় চীনা প্রতিষ্ঠান। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে প্রজেক্ট বিল্ডার্স। রিটের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল হাইকোর্ট চীনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে স্থগিত করে প্রজেক্ট বিল্ডার্সকে ৩০ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। এরপর সিনটেক এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে ১১ মে চেম্বার জজ হাইকোর্টের রায়কে স্থগিত করেন। কিন্তু এর পরও রাঙ্গুনিয়ার পোমরায় শোধনাগার নির্মাণস্থল ছেড়ে যায়নি প্রজেক্ট বিল্ডার্স । এতে গত ২৯ মে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠিয়েছে সিনটেক।
এ বিষয়ে সিনটেকের আইনজীবী মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, ‘চেম্বার জজ হাইকোর্টের রায়কে স্থগিত করে দেওয়ায় প্রজেক্ট বিল্ডার্সের কাজ করার আইনগত কোনো বৈধতা নেই। তার পরও তাঁরা দায়িত্ব হস্তান্তর করছে না, মালামালও সরিয়ে নিচ্ছে না। ফলে সিনটেক প্রকল্পের কাজ শুরু করতে পারছে না।’
এ বিষয়ে জানতে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
প্রকল্প-সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের পাইপলাইন ও রিজার্ভার তৈরির অন্য দুটি প্যাকেজের কাজ করছে জাপানি ও কোরিয়ান দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের কাজ অনেক এগিয়ে গেছে। কিন্তু পানি শোধনাগার তৈরির কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। এতে করে তীব্র পানি সংকটে থাকা নগরবাসীর প্রতীক্ষার প্রহরই কেবল দীর্ঘ হবে।