ঠিকাদারদের গড়িমসি, নির্ধারিত সময়ে সংস্কার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারদের গড়িমসির কারণে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে সারিয়াকান্দি উপজেলা পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। জনগুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজ আগামী আগস্ট মাসের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র তিন ভাগের এক ভাগ।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলা সদর থেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৬ কিলোমিটার অংশের ওপর দিয়ে পাশের সোনাতলা উপজেলা হয়ে শিবগঞ্জের মোকামতলা পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য দেড় বছর আগে প্রায় ৩৯ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এ কাজ পায় ‘রূপসা ইঞ্জিনিয়ারিং’ ও ‘আছালত জামান জয়েন্ট ভেঞ্চার’ নামের দুটি প্রতিষ্ঠান। দরপত্রের মোট সাতটি গ্রুপের মধ্যে পাঁচটি গ্রুপের কাজ পেয়েছে আছালত জামান জয়েন্ট ভেঞ্চার।খোঁজ নিয়ে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করতে বিলম্ব করে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের সারিয়াকান্দি-পাকুল্লা নয় কিলোমিটার অংশের সংস্কারকাজের মধ্যে চার কিলোমিটার খোঁড়াখুঁড়ি করা হয়েছে। বাকি পাঁচ কিলোমিটারের কাজ এখন পর্যন্ত ধরা হয়নি। মোকামতলা থেকে ডাকুমারা পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের কাজ এক মাস হলো শুরু হয়েছে। আড়িয়ারঘাট থেকে তেকানি চুকাইনগর (কাচারিবাড়ি) পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। ডাকুমারা থেকে সোনাতলা পর্যন্ত নয় কিলোমিটার সড়কের কাজ ৩৫ শতাংশ শেষ হয়েছে। নিজ বলাইল থেকে সারিয়াকান্দি পর্যন্ত নয় কিলোমিটারের সামান্য কাজ শুরু হয়েছে।এ ব্যাপারে ঠিকাদার আছালত জামান বলেন, বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর সরু রাস্তা হওয়ার কারণে সেখানে ট্রাক নিয়ে যাওয়া যায় না। অন্য স্থানে ফেলে এসব মাল নিতে হয়। সারিয়াকান্দি থেকে পাকুল্লা পর্যন্ত সাড়ে চার কিলোমিটারের কাজ চলছে। সড়কগুলো একমুখী হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে। মোকামতলা থেকে ডাকুমারা পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের কার্যাদেশ দেওয়া হয়েছে এক মাস আগে। তবে আড়িয়ারঘাট থেকে কাচারিবাড়ি পর্যন্ত সড়কের নির্মাণকাজ শেষ হতে আরও এক-দেড় মাস লাগবে।বগুড়া সওজের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক ও রাশেদুল আলম জানান, কাজের গতি খুব ধীর। সব কাজের অগ্রগতি মাত্র ৩০ শতাংশ। অথচ এসব কাজ কোনোটি জুন মাস আবার কোনোটি আগস্ট মাসে শেষ হওয়ার কথা। কিন্তু সামনে বর্ষার মাসে এসব সড়কে কাজ করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বর্ষার সময় কোনো কার্পেটিং করা যাবে না। এ জন্য বেশ কয়েকবার ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।