রংপুরের পীরগঞ্জ উপজেলার অাঁখিরা নদী খনন গত প্রায় এক বছরেও শেষ হয়নি৷ ঠিকাদারদের ঢিলেমির কারণে কাজ শেষ হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে৷ বর্তমানে বৃষ্টির কারণে খননকাজ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)৷ পাউবো সূত্র জানায়, পীরগঞ্জ উপজেলার অাঁখিরা নদীর ত্রিমোহনী সেতুর দক্ষিণে ছয় কিলোমিটার ও উত্তরে দুই কিলোমিটার—এই মোট আট কিলোমিটার খননের জন্য পাউবো এক কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ করে। গত বছর জুলাই মাসে ১০টি েশ্রণিতে দরপত্র আহ্বান করা হয়৷ একেকজন ঠিকাদারের ৮০০ মিটার করে খাল খননের কথা। দরপত্র অনুযায়ী ২৯ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল।
এ কাজ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত পাউবো রংপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ঠিকাদারদের ঢিলেমির কারণে এবং ওই সময় নদীতে পানি থাকায় খননকাজ সঠিক সময়ে শুরু করা হয়নি। দরপত্র আহ্বানের প্রায় নয় মাস পর চলতি বছরের মার্চ থেকে কাজ শুরু করা হয়। গত মে মাসের শেষ দিক ও চলতি মাসের শুরু থেকে বৃষ্টি হওয়ায় নদীতে পানি বেড়ে গেছে। এর ফলে নদী খননের কাজ বন্ধ রয়েছে। পানি বেড়ে যাওয়ায় জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তবে ইতিমধ্যে ঠিকাদারদের ৪৬ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। এই জুনের মধ্যে কাজ শেষ না হলে বাকি টাকা সরকারি কোষাগারে ফেরত যেতে পারে৷
কাজের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘পুরো কাজ পরিদর্শন করা সম্ভব হয়নি। একেক স্থানে একেক রকম কাজ হয়েছে। তবে কত শতাংশ কাজ হয়েছে, তার সঠিক হিসাব এ মুহূর্তে দেওয়া সম্ভব নয়।’
১০টি শ্রেণির কাজের ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠান হলো আনিসার রহমান, মশিউর রহমান, শুভ্র অ্যান্ড শুভ্রা এন্টারপ্রাইজ, শেখ কনস্ট্রাকশন, ফিরোজ কওসার, মো. দুলাল, এস এম রাশেদ, মুক্তি কাশবন, জননী এন্টারপ্রাইজ ও আসাদ কনস্ট্রাকশন।
এদের মধ্যে জননী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, ‘খাল খননে ইতিমধ্যে আমার অংশের ৮০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে। এ কাজের জন্য চলতি বিল অনুযায়ী প্রায় চার লাখ টাকা দেওয়া হয়েছে। কাজ শেষ করে বাকি টাকা পাওয়া যাবে।’
চণ্ডীপুর গ্রামের বাদশা মিয়াসহ কয়েকজন অভিযোগ করেন, ঠিকাদারেরা সাধারণ শ্রমিক ও ছোট খননযন্ত্র দিয়ে নামমাত্র নদী খনন করেছেন৷ খননকাজে অনিয়মের কারণে এলাকাবাসী কয়েকবার কাজ বন্ধ করে দিয়েছিলেন।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল বলেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, নামমাত্র খাল খনন করা হয়েছে। বর্তমানে নদীতে পানি জমে গেছে। এখন এটি খনন করা সম্ভব নয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অাঁখিরা নদী খননের বিষয়টি জেলা পরিষদের সভায় উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, ঠিকাদারেরা যেন বৃষ্টির অপেক্ষায় ছিলেন। কারণ, বৃষ্টি এলে পুরো কাজ দেখভাল করা সম্ভব হবে না। তখন কাজ না করেই পুরো বিল তুলে নেওয়া যাবে৷