ঠিকাদারদের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া কার্যালয় ভাঙচুর, তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির কার্যালয়ে গতকাল রোববার দুপুরে দুই দল ঠিকাদার ও তাদের বহিরাগত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, কার্যালয় ভাঙচুর ও তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির সাবেক সভাপতি তৌহিদুর রহমান, বর্তমান সিনিয়র সহসভাপতি নিয়ামুল হক, কোষাধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, নির্বাহী সদস্য আশিক আহমেদ, কামরুল হাসান, আহসান হাবিবসহ কয়েকজন ঠিকাদারকে সমিতির কার্যালয়ে ঢুকতে বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের ছোড়া ইট-পাটকেলে সমিতির কার্যালয়ের জানালার কাচ ভেঙে যায়। একপর্যায়ে তৌহিদুর রহমানের সমর্থকেরা সমিতির কার্যালয় দখল নিয়ে তালা মেরে দেয়। ঘটনার পর তৌহিদুর রহমান ও কার্যালয়ে ঢুকতে বাধাপ্রাপ্ত ঠিকাদারেরা চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন, ‘সমিতির সভাপতি খাইরুল ইসলাম তাঁদের কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার জন্য আগে থেকেই ভাড়াটিয়া সন্ত্রাসীদের ডেকে এনে জড়ো করে রাখে। আমরা কার্যালয়ে ঢুকতে গেলে সন্ত্রাসীরা আমাদের ওপর চড়াও হয়। তখন উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে আমরা কার্যালয়ে তালা মেরেছি।’ সমিতির সভাপতি খাইরুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তৌহিদুর রহমানের সঙ্গে সমিতির নির্বাহী সদস্য আবদুস সবুরের ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে। এর আগে তৌহিদুর ও সবুরের মধ্যে দ্বন্দ্ব হয়। আজ (গতকাল রোববার) সমিতির কার্যালয়ে সালিস হওয়ার কথা ছিল। তৌহিদুর রহমান লাঠিসোটাসহ দল-বল নিয়ে কার্যালয়ে ঢুকতে চাইলে এ ঘটনা ঘটে। আবদুস সবুর আমার সমর্থক বলে আমাকে দোষারোপ করা হচ্ছে।’জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক সাঈদ খান কার্যালয়ে বহিরাগত ব্যক্তিদের অবস্থান ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার কথা স্বীকার করেন। তিনি বলেন, এর আগে সাবেক সভাপতি তৌহিদুর রহমান ও নির্বাহী সদস্য আবদুস সবুরের মধ্যে বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে।