ঠিকাদারদের পক্ষ নিয়ে ছাত্রলীগ নেতাকে পেটালেন সাংসদের ভাই
ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষ সংস্কারের কাজ নিয়ে ছাত্রলীগ ও ঠিকাদারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কলেজের অধ্যক্ষ ও ছাত্রলীগের নেতারা কাজে অনিয়মের অভিযোগে এনে দরপত্র অনুযায়ী কাজ করার জন্য ঠিকাদারকে চাপ দিয়েছেন। আর এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারের পক্ষ নিয়ে স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের ভাই মসিউল আজম খান কলেজ ছাত্রলীগের নেতা বিপাস হোসেনকে মারধর করেছেন।ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান জানান, কাজটি বাবুল আক্তার নামের যে ঠিকাদার করছেন, তিনি আওয়ামী লীগের স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের আত্মীয়। এ কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ার পর সাংসদের ভাই মসিউল আজম খান তাঁকে বিষয়টি দেখতে বলেন। তিনি গত ১১ জুন কলেজে যান। সেখানে ঠিকাদার ও ছাত্রলীগের ছেলেদের সঙ্গে কথা বলে সমাধানের একটা পর্যায়ে পৌঁছান। এরপর তিনি কলেজ ছাত্রলীগের নেতা বিপাস হোসেনকে তাঁর মোটরসাইকেলে নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে শহরের চৌরাস্তা মোড়ে সাংসদের ভাই মসিউল আজম বিপাসকে তাঁর পেছন থেকে নামিয়ে মারধর করেন। তিনি কোনো রকম ঠেকিয়ে সেখান থেকে চলে যান।বিপাস হোসেন জানান, কয়েকজন শিক্ষক বলেছেন, কাজটি খুবই নিম্নমানের হচ্ছে। তাঁরা যেন একটু দেখেন। এ কারণে তাঁরা সেখানে গিয়েছিলেন। শিক্ষকেরা তাঁদের জানিয়েছিলেন, ঠিকাদার তাঁদের কথা শুনছেন না। কিন্তু সাংসদের ভাই বিষয়টি সম্পর্কে খোঁজ না নিয়ে ঠিকাদার তাঁর আত্মীয় হওয়ায় তাঁর পক্ষ নিয়ে প্রকাশ্যে শহরের মধ্যে তাঁকে মারপিট করেছেন।অধ্যক্ষ মোস্তফা গোলাম ইউসুফ জানান, ঠিকাদার যেভাবে কাজ শুরু করেছিলেন, তাতে তাঁরা আপত্তি জানিয়েছেন। কিন্তু ছেলেরা কী কারণে গোলমাল করলেন, তা তাঁর জানা নেই।ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহাদত হোসেন জানান, কাজটি খারাপ হচ্ছে, এটা ঠিক নয়। মূলত ছেলেরা অন্য কোনো কারণে গোলমাল করেছেন।ঠিকাদার বাবুল আক্তার জানান, বিষয়টি বড় কিছু নয়। নিজেদের মধ্যে একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। এটা ঠিক হয়ে যাবে। সাংসদের ভাই মসিউল আজম খান জানান, এ বিষয়ে তিনি বিস্তারিত বলতে পারবেন না। তা ছাড়া ছাত্রদের সঙ্গে তাঁর এমন বিশেষ কিছু ঘটেনি।