ঠিকাদারদের পাওনা ৭৭ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে ঠিকাদারদের পাওনার পরিমাণ ৭৭ কোটি টাকা। এ নিয়ে তাঁরা গতকাল বুধবার মেয়রের সঙ্গে বৈঠক করেন। অন্তত এক ঘণ্টার বৈঠকে ঠিকাদারেরা বলেন, পাওনা পরিশোধ না করলে নতুন করে উন্নয়নকাজ করা তাঁদের পক্ষে সম্ভব হবে না। এ অবস্থায় আগামী এক মাসের মধ্যে পাওনা টাকার অর্ধেক পরিশোধের আশ্বাস দেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বৈঠকে ঠিকাদারেরা অভিযোগ করেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়ার ব্যাপারে গণ খাতে ক্রয়বিধি (পিপিআর) অনুসরণ করতে কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু অর্থ পরিশোধের সময় কোনো নিয়ম মানা হয় না। মাসের পর মাস চেষ্টা করে মোট পাওনার ১০ থেকে ১৫ শতাংশ পাওয়া যায়। এই টাকা দিয়ে সংসারও চলে না, নতুন করে উন্নয়নকাজেও হাত দেওয়া যায় না। এ পর্যায়ে মেয়র আগামী মাসেই পাওনা টাকার অর্ধেক পরিশোধ করার আশ্বাস দেন। বৈঠকে ঠিকাদারদের পক্ষে তিনজন বক্তব্য দেন।চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদারকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিনের পাওনা টাকার ব্যাপারে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছি। মেয়রও বিষয়টি বুঝতে পেরেছেন, বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে রাজিও হয়েছেন।’ জানা যায়, বৈঠকে মেয়র ঠিকাদারদের উদ্দেশে বলেন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমলের বকেয়া ৮৭ কোটি টাকা তিনি পরিশোধ করেছেন। সেই সময়ের আরও ৫৭ কোটি টাকা পাবেন ঠিকাদারেরা। তার সঙ্গে বর্তমান মেয়রের দেড় বছরে যোগ হয়েছে ২০ কোটি টাকার পাওনা। বর্তমানে সিটি করপোরেশনের নিজস্ব তহবিলে অর্থ কিছুটা কম। সরকারও চাহিদা অনুযায়ী টাকা দিচ্ছে না। চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), বাংলাদেশ পৌর উন্নয়ন তহবিল (বিএমডিএফ), সরকার থেকে পাওয়া থোক বরাদ্দ এবং নিজস্ব তহবিল থেকে অর্থ জোগান দেওয়া হয়। এ প্রসঙ্গে মেয়র প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারেরা তাঁদের কাজের টাকা পাবেন। আমরা পর্যায়ক্রমে পাওনা পরিশোধ করে যাচ্ছি। এর পরও কিছু পাওনা টাকা জমা হয়েছে। আমরা শিগগিরই তা পরিশোধের আশ্বাস দিয়েছি।’