চট্টগ্রামের সন্দ্বীপে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় পাঁচ কোটি টাকার কাজ সরকারি দলের লোকজন ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি দলের কয়েকজন নেতা নামে-বেনামে একাধিক ফরম নিয়ে নিজেদের মতো করে দর বসিয়ে দরপত্র জমা দিয়েছেন। কাজ ভাগাভাগির জন্য সমঝোতার কথা বলে অন্য সাধারণ ঠিকাদারদের দরপত্র কিনতে দেওয়া হয়নি।ঠিকাদারেরা অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান তাঁর ঘনিষ্ঠ জনদের কাজ পাইয়ে দিতে সমঝোতার কথা বলেছিলেন। কিন্তু সমঝোতার কথা বলে গোপনে তাঁর অনুগত নয়জন ঠিকাদার ফরম সংগ্রহ করে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় এলজিইডি কার্যালয়ে ১ সেপ্টেম্বর দরপত্র জমা দেন। এ কারণে সন্দ্বীপের ১৪৬ ঠিকাদার পাঁচ কোটি টাকার কাজের দরপত্রে অংশ নিতে পারেননি।যাঁরা দরপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন: রাজিবুল আহসান, মাকসুদুর রহমান, সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম, মিজানুর রহমান, হুমায়ুন কবির, নাসিরউদ্দিন, মশিউর রহমান ও নাদিম শাহ। ঠিকাদার মাকসুদুর রহমান নিজেও প্রথম আলোর কাছে স্বীকার করেন, ‘আমি আমার দরপত্র জমা দিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি সমঝোতা বৈঠকে বসার কথা অস্বীকার করেন।এলজিইডি সূত্র জানায়, দেশের মূলখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের রাস্তাঘাট উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়। এ রকম নয়টি প্রকল্পের জন্য প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এসব কাজে ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের ফরম সংগ্রহের শেষ দিন ছিল ৩১ আগস্ট। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১ সেপ্টেম্বর। চট্টগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাজ পাওয়ার আগে ঠিকাদারদের মধ্যে সমঝোতা বৈঠক হওয়া বেআইনি। তাঁরা কীসের ভিত্তিতে বৈঠক করেছেন, তা তাঁদের নিজস্ব ব্যাপার। তবে এলজিইডির দপ্তরে জমা পড়া দরপত্র যাচাই-বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’ জানা গেছে, সন্দ্বীপের নয়টি প্রকল্পে ১৫০টির বেশি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এরই মধ্যে অন্য ব্যক্তিদের দরপত্রে অংশ না নিতে সমঝোতা বৈঠক বসে। এতে সিদ্ধান্ত হয়, যাঁরা কাজ পাবেন না তাঁদের মোট বরাদ্দের একটি অংশ (কমিশন, যা মোট বরাদ্দের পাঁচ থেকে ১০ শতাংশ) অগ্রিম দেওয়া হবে।তাহিসন কনস্ট্রাকশনের মালিক নাজমুর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘উপজেলা চেয়ারম্যান ও তাঁর লোকজন সমঝোতার কথা বলে আমাদের সন্দ্বীপের এলজিইডি কার্যালয় থেকে ফরম নিতে দেননি। শেষ মুহূর্তে ৩১ আগস্ট চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ফরম নিতে চাইলে প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী মো. নুরুচ্ছাফা আমাদের বাধা দেন। তিনি আমাদের সমঝোতা করে আসতে বলেন।’ তবে নুরুচ্ছাফা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। ঠিকাদার মাঈনউদ্দিন বলেন, ‘পাঁচ কোটি টাকার নয়টি প্রকল্পের কাজের বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ২৪ আগস্ট উপজেলা চেয়ারম্যান শাহজাহান আমাদের নিয়ে কাজ ভাগাভাগি করতে সমঝোতা বৈঠকে বসেন। সন্দ্বীপে এই বৈঠক হয়। চেয়ারম্যান প্রত্যেক ঠিকাদারকে পাঁচ লাখ ১০ হাজার টাকা করে পে-অর্ডার তৈরি করতে বলেন। আমরা তাঁর প্রস্তাবে সম্মত হয়ে পে-অর্ডার আর ফরম বাবদ দুই হাজার টাকা জমা দিই। নাসির ও উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাজীবুল আহসান উপজেলা চেয়ারম্যানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।উপজেলা চেয়ারম্যান শাহজাহান ঠিকাদারদের অভিযোগ অস্বীকার করে বলেন, পাঁচ কোটি টাকার কাজের দরপত্র নিয়ে সন্দ্বীপে কিছু ঘটেনি। ঠিকাদারেরা শহরে ফরম জমা দিয়েছেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল আহসান বলেন, ‘কোনো ঠিকাদার নিজেদের মধ্যে সমঝোতা বৈঠক করে কাজ পাওয়া থেকে বঞ্চিত হলে আমি কেন দায়ী হব? আমি নিজেও একজন ঠিকাদার। তাই একটি প্রকল্পের জন্য দরপত্র জমা দিয়েছি।’