ঠিকাদারদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঠিকাদারদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির কথা উল্লেখ করে থানায় একটি অভিযোগ দিয়েছেন উপজেলা সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের সম্পাদক মো. হোসেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা শিল্প ইউনিয়ন লিমিটেডের নিজস্ব জায়গায় পাঁচতলা বিপণিবিতানের নির্মাণকাজ চলছে। এ অবস্থায় স্থানীয় ঠিকাদার সায়েদুল ইসলাম ভূঁইয়া ও তফাজ্জল হোসেনের নেতৃত্বে সাত-আটজন বাঞ্ছারামপুর উপজেলা শিল্প ইউনিয়ন লিমিটেডের কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদার টাকা না দিলে নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলে জানান। চাঁদার টাকা না দেওয়ায় ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে নির্মাণকাজের উদ্বোধনের জন্য নির্মিত ভিত্তিপ্রস্তরের ফলক ও বেড়া ভেঙে ফেলা হয়।
সমবায় শিল্প ইউনিয়ন লিমিডেট ও বিপণিবিতান নির্মাণ কমিটির সভাপতি মোহাম্মদ হযরত আলী বলেন, এই কাজের ভাগ চেয়ে না পেয়ে ঠিকাদারেরা বেড়া ও ভিত্তিপ্রস্তরের নামফলক ভেঙে ফেলেছেন।
এ বিষয়ে সায়েদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বিপণিবিতান নির্মাণে দরপত্রে অনিয়ম হয়েছে। এ বিষয়ে আমরা যে অভিযোগ দিয়েছি, তা তদন্ত করতে ইউএনও স্যারের কাছে চিঠি এসেছে চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয় থেকে, তা সুরাহা না করে মার্কেট নির্মাণ করা অবৈধ। তাই আমরা ঠিকাদারেরা মিলে বাধা দিয়েছি।’
ইউএনও শওকত ওসমান বলেন, ‘সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের বিপণিবিতানের নির্মাণের ভিত্তির উদ্বোধন করার কথা এমপি মহোদয়ের। যেহেতু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, সেহেতু তদন্ত না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার কথা কর্তৃপক্ষকে বলেছি।’