ঠিকাদারদের মনোনয়নপত্র সঠিকভাবে যাচাই করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ঠিকাদার মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র সঠিকভাবে যাচাইয়ের অনুরোধ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক—সুজন। এ জন্য সংস্থাটি রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে।সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত ওই চিঠি গতকাল রোববার সন্ধ্যায় ফ্যাক্সযোগে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে পাঠানো হয়।জানতে চাইলে বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯(২) ধারায় আছে, কোনো ব্যক্তি সিটি করপোরেশন এলাকার কোনো প্রতিষ্ঠানে ঠিকাদারি করে অথবা তাঁর কাজ সিটি করপোরেশন এলাকার মধ্যে রয়েছে—এমন লোক নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। মেয়র পদপ্রার্থীদের পাঁচজনই ঠিকাদারির সঙ্গে জড়িত। তাই তাঁদের মনোনয়নপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করা দরকার।এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘সুজনের চিঠি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখব।’ঠিকাদার পাঁচ মেয়র পদপ্রার্থী হলেন: আফজল খান, মো. মনিরুল হক, এয়ার আহমেদ, নূর-উর রহমান ও আনিসুর রহমান। এই পাঁচ ঠিকাদারের মনোনয়নপত্র গতকাল বৈধ ঘোষণা করা হয়।সংরক্ষিত কাউন্সিলর পদ : কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুম সুলতানা পদত্যাগ করেছেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় তিনি পদত্যাগ করেন। গতকাল সকালে তাঁর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বৈধ ঘোষণা করেন। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করছেন। আনজুম সুলতানা আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের মেয়ে। তিনি নিজেও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। জানা গেছে, আনজুম সুলতানা গত ২০ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ৩০ নভেম্বর তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। ৩ নম্বর ওয়ার্ডে আনজুম সুলতানা ছাড়াও সাতজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন: ফাহমিদা জেবিন, আঁখি চৌধুরী, শাহীনা আক্তার, ইয়াছমিন আক্তার, হোসনেয়ারা বেগম, রাশেদা এমরান ও বিলকিছ আক্তার খানম।