ঠিকাদারসহ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ আউলিয়াপুর এলাকায় গতকাল সোমবার বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। রাজবাড়ীর বালিয়াকান্দি ও পাংশা উপজেলায় গত রোববার সড়ক দুর্ঘটনায় ঠিকাদারসহ দুজন নিহত হন।পটুয়াখালী-কুয়াকাটা সড়কের দক্ষিণ আউলিয়াপুর এলাকায় গতকাল বেলা ১১টায় বরিশালগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের চাপায় এর চালকের সহকারী দক্ষিণ আউলিয়াপুর গ্রামের মৃত ইসহাক হাওলাদারের ছেলে সলেয়মান (১৬) নিহত এবং ১৫ জন আহত হন। বালিয়াকান্দি উপজেলার পাইকেলবাড়ী এলাকায় রোববার দুপুরে একটি পিকআপের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী কালুখালী উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা ঠিকাদার আরমান ফকির (৩৫) নিহত হন। পুলিশ পিকআপচালক বোরহান উদ্দিনকে আটক করেছে।একই দিন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সেন গ্রামের হোসেন মোল্লার বাড়ির পাশে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন উল্টে খাদে পড়ে যায়। এতে নছিমনের যাত্রী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকার মুকিম ব্যাপারী (৬২) নিহত হন।