ঠিকাদারি কাজ না পেয়ে ছাত্রলীগের কর্মীর কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারি কাজ না পেয়ে ছাত্রলীগের ক্যাডাররা রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট শিল্পনগরী এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক কর্মচারীকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক (প্রশাসন) কাশেম খান অভিযোগ করেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কর্মী তোফায়েল আহমেদ ওরফে স্বপন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মেঘনা গ্রুপের প্রায় দুই কোটি টাকার কাজ জোরপূর্বক দখল করে নেন। এর বাইরে কয়েক দিন ধরে তিনি কোম্পানির সব ধরনের ঠিকাদারি কাজ এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এই চাঁদা ও কাজ না পেয়ে রোববার রাতে স্বপনের নেতৃত্বে বিল্লাল, খোকন, হালিম, জাহাঙ্গীরসহ ছাত্রলীগের ক্যাডাররা কোম্পানির কর্মচারী আলমগীরকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহা ব্যবস্থাপক (কারিগরি) কার্ত্তিক চন্দ্র দাস বলেন, ছাত্রলীগের ক্যাডারদের সন্ত্রাস ও হুমকির কারণে কোম্পানির শত শত কর্মকর্তা-কর্মচারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সারকে জানিয়ে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।ছাত্রলীগের কর্মী তোফায়েল বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ কোম্পানির সব কাজ আমাকে দেওয়া হবে বলে মালিক পক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল। তারা সেই প্রতিশ্রুতি রাখেনি। এ জন্য একজন কর্মচারীকে আমাদের ছেলেরা শাসন করেছে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’ সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তোফায়েলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।