ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে নাসিমের অনুগতদের হামলা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানার ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের অনুগত কাউন্সিলরের লোকজনের হামলায় ছাত্রলীগের এক নেতাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
তাঁদের মধ্যে গুলিবিদ্ধ বন্দর থানা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিনকে ঢাকার পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকিদের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মদনগঞ্জ এলাকায় একটি সিমেন্ট কারখানার সুইপিংয়ের (কাঁচামাল ওঠানো-নামানো) ঠিকাদারি কাজ পায় যুবলীগের নগর কমিটির সদস্য মাহবুব রশিদের (টিটু) মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স মদনগঞ্জ এন্টারপ্রাইজ। এর আগে এই ঠিকাদারি কাজ করতেন সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল মোহামঞ্চদ। মাহবুব কাজ শুরুর পর থেকে মালামাল ওঠানো-নামানোয় বাধা দিয়ে আসছেন ফয়সাল। এ নিয়ে কয়েক দিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
গতকাল সকাল নয়টার দিকে ফয়সালের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা চালালে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। মাহবুব রশিদ অভিযোগ করেন, ‘কারখানার সুইপিংয়ের কাজ শুরুর পর থেকে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের অনুগত কাউন্সিলর ফয়সাল ও তাঁর লোকজন বাধা দিচ্ছেন। শুক্রবার দুপুরে ফয়সাল সশস্ত্র ক্যাডারদের নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে লোকজনকে মারধর করেন। গতকাল আবারও ফয়সালের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে হামলা চালানো হয়। থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ মামলা নিচ্ছে না। উল্টো আমাদের হয়রানি করছে।’
ফয়সাল মোহামঞ্চদ বলেন, ‘আগে ওই সিমেন্ট কারখানার কাজ আমার লোকজন করত। সম্প্রতি কাজ পান যুবলীগের মাহবুব রশিদ। এরপর থেকে অন্য ঠিকাদারদের হয়রানি করছেন।’
সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জ (ক অঞ্চল) আজিম উল আহসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ কোনো মামলা করেনি।