ঠিকাদারি কাজ না পেয়ে ক্ষুব্ধ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেশির ভাগ কাউন্সিলর। গতকাল রোববার উত্তরের নগর ভবনে কাউন্সিলরদের সঙ্গে মেয়র আনিসুল হকের বৈঠকে তাঁরা এই ক্ষোভের কথা জানান। কাউন্সিলররা বলেন, প্রকল্পের কাজ অনলাইনে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে হওয়ায় তাঁরা নিজেদের কর্মীদের কাজ দিতে পারছেন না।
উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক কাউন্সিলরদের ক্ষোভের কথা স্বীকার করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ই-টেন্ডার কোথায় হয়েছে, কোথায় হয়নি, সেটা আমার দেখার বিষয় না। উত্তরে ই-টেন্ডারিং হবেই। একসময় যাঁদের ই-টেন্ডারিংয়ের বিষয়ে ভিন্নমত ছিল, তাঁদের বোঝাতে সক্ষম হয়েছি। ই-টেন্ডার অনেক স্বচ্ছ প্রক্রিয়া। এতে স্বজনপ্রীতির আশঙ্কা থাকে না।’
গতকাল মেয়রের সঙ্গে কাউন্সিলরদের মাসিক বৈঠক দুপুর ১২টায় শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। বৈঠকে কাউন্সিলরদের পক্ষ থেকে অনলাইনে ই-টেন্ডার বিষয়ে কথা তোলার চেষ্টা করা হয়। দু-একজন কাউন্সিলর এ বিষয়ে তাঁদের ক্ষোভের কথা জানান। তবে এ বিষয়ে মেয়রের অনড় অবস্থানের কারণে কাউন্সিলররা কথা বেশি দূর আগাতে পারেননি।
প্রতিটি ওয়ার্ডের উন্নয়নকাজের জন্য তিন কোটি টাকা করে বরাদ্দ দিয়েছে ডিএনসিসি। মেয়র আনিসুল হক ডিএনসিসির বিভিন্ন প্রকল্পের কাজ ই-টেন্ডারের মাধ্যমে করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের ১৬০ কোটি টাকার উন্নয়নকাজের ই-টেন্ডার হয়। ফলে পছন্দের লোকজনকে কাজ পাইয়ে দিতে কাউন্সিলরদের কোনো ধরনের জোর খাটানোর সুযোগ ছিল না। অনলাইনে টেন্ডার করা নিয়ে কাউন্সিলররা ক্ষুব্ধ হন। ডিএনসিসির বেশির ভাগ কাউন্সিলর নিজেরাও ছিলেন ব্যবসায়ী ও ঠিকাদার।
গতকালের বৈঠকে উপস্থিত ডিএনসিসির চারজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, ই-টেন্ডার হওয়ায় কাউন্সিলররা মনঃক্ষুণ্ন। প্রতিটি এলাকায় দলের অনেক কর্মী আছেন। ই-টেন্ডার করায় তাঁদের কিছু করার থাকছে না। দলের জন্য কাজ করার বিনিময়ে তাঁরা কিছুই পাচ্ছেন না। কাউন্সিলররা তিন কোটি টাকার কাজের প্রথাগত টেন্ডার করার দাবি জানিয়েছিলেন।
ওই কাউন্সিলররা বলেন, ডিএনসিসি কাউন্সিলরদের দাবি মানেনি। ডিএনসিসি থেকে বলা হয়েছিল, প্রতিটি ওয়ার্ডের এক কোটি টাকার কাজ কাউন্সিলররা তাঁদের লোকজনের মাধ্যমে করাতে পারবেন। এর মধ্যে ৮০ লাখ টাকার কাজ পুরুষ কাউন্সিলর ও ২০ লাখ টাকার কাজ নারী কাউন্সিলর করাবেন। কিন্তু নারী কাউন্সিলররা সংরক্ষিত তিনটি ওয়ার্ডের জন্য নির্বাচিত। সে হিসাবে তিন ওয়ার্ড মিলিয়ে প্রত্যেক নারী কাউন্সিলর ৬০ লাখ টাকার কাজ পাবেন। এটা পুরুষ কাউন্সিলররা মেনে নেননি। ফলে ওই এক কোটি টাকার কাজও ই-টেন্ডার হয়ে যায়।
ডিএনসিসির উন্নয়নকাজে ই-টেন্ডার হবে, এটা জানার পরই কাউন্সিলররা এক জোট হওয়ার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য তাঁদের গত ১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে সভা করার কথা ছিল। পরে সেই সভা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির একজন কর্মকর্তা বলেন, ‘অনেক কাউন্সিলর ব্যবসায়ী-ঠিকাদার ছিলেন। তাঁরা নামে-বেনামে ঠিকাদারি কাজ, ব্যবসা করবেন বলে ভাবছিলেন। কিন্তু মেয়র পুরো কাজ পাওয়ার প্রক্রিয়া ই-টেন্ডারের মাধ্যমে করায় সে সুযোগ কমে গেছে। এ নিয়ে কাউন্সিলররা মেয়রের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।’
ডিএনসিসি সূত্রে জানা যায়, ঠিকাদারদের নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়ে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। ঠিকাদারেরা যাতে করপোরেশনে ভিড় না করেন, তাই ডিএনসিসির লোকজন কাজের বিল ঠিকাদারদের কার্যালয়ে পৌঁছে দিচ্ছেন।