ঠিকাদারি নিয়ন্ত্রণ করেই সম্পদশালী মোতাহারপুত্র
পাঁচ বছর আগেও একটি মুঠোফোন কোম্পানির কাস্টমার সেবায় চাকরি করতেন মাহমুদুল হাসান ওরফে সোহাগ। কিন্তু বাবা মোতাহার হোসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর সেই চাকরি ছেড়ে দেন তিনি। এখন লালমনিরহাটের হাতীবান্ধায় মাহমুদুলের নিজের একটি বাড়ি ও সদরের গুরুত্বপূর্ণ জায়গায় ৮৫ শতক জমি রয়েছে। ঢাকায় আছে দেড় কোটি টাকা দামের একটি ফ্ল্যাট।
দলীয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সূত্র জানায়, গত পাঁচ বছরে লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ড ও তিস্তা ব্যারাজের টোল নিয়ন্ত্রণসহ
স্থানীয় সব ধরনের ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করেছেন মাহমুদুল হাসান। তাঁর বিপুল সম্পদের রহস্যও এখানে নিহিত। আগে কোনো দিন কোনো পদে না থাকলেও এখন তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তবে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবার নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছেন, তাতে তাঁর ছেলের সম্পদের কোনো তথ্যই দেননি। তিনি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে এবারও নির্বাচন করছেন। ২০০৮ সালের নির্বাচনের সময় দেওয়া হলফনামায় মোতাহার স্ত্রীর নামে সম্পদ দেখালেও এবার সেটিও দেখাননি। তবে নিজের যে সম্পদ বিবরণী তিনি দিয়েছেন তাতে দেখা যায়, তাঁর একার বার্ষিক আয় বেড়েছে সাত গুণ, সম্পদ বেড়েছে সোয়া আট গুণ।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড সূত্র এবং স্থানীয় একাধিক রাজনীতিক জানান, গত পাঁচ বছর তিস্তা ব্যারাজের টোল আদায়ের ঠিকাদারি করেছেন সাবেক প্রতিমন্ত্রীর অনুগত সিরাজুল ইসলাম এবং প্রতিমন্ত্রীর চাচাতো ভাই আলমগীর হোসেন। তবে এ দুজন সামনে থাকলেও পেছনে ছিলেন প্রতিমন্ত্রীপুত্র মাহমুদুল হাসান। একইভাবে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলায় ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ বাঁটোয়ারা করেছেন এই মাহমুদুল হাসান ও আলমগীর হোসেন। বড়খাতা ইউনিয়নের মিলনবাজারের একটি রাস্তার সংস্কারকাজও বিনা দরপত্রে করেছেন এই আলমগীর।
সূত্রগুলো জানায়, লালমনিরহাটের পাটগ্রামের ধরলা নদীর ওপর প্রায় ১৫ কোটি টাকা খরচে একটি রাবার ড্যাম নির্মাণের কাজ পেয়েছেন বিএনপিপন্থী ঠিকাদার আবদুল হাকিম। মাহমুদুল হাসান এ ঠিকাদারি কাজেরও মধ্যস্থতা করেন। গত পাঁচ বছরে আবদুল হাকিম হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের সানিয়াজান নদীর ওপর একটি এবং পাটগ্রামের ধরলা নদীর ওপর আরেকটি সেতু নির্মাণসহ পানি উন্নয়ন বোর্ডের অধিকাংশ ঠািকাদারি কাজ করেছেন। সাবেক প্রতিমন্ত্রীপুত্রকে নির্ধারিত কমিশন দিয়েই তিনি গত পাঁচ বছর সব কাজ পেয়েছেন বলে অভিযোগ আছে।
সরেজমিনে দেখা গেছে, হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দীঘিরহাট বাজার ঘেঁষে ২০ শতাংশ জমির ওপর মাহমুদুল হাসানের একটি বাড়ি রয়েছে। বাড়ির চারপাশ ইটের সীমানাপ্রাচীর। হাতীবান্ধা উপজেলা পরিষদের পেছনে সিংঙ্গীমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তাঁর ২০ শতাংশ জমি আছে। সেখানেও সীমানাপ্রাচীর দেওয়া। উপজেলা সদরের টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলপাড়ায় ১০ শতাংশ জমি কিনে তা বেড়া দিয়ে ঘিরে রেখেছেন তিনি। হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সংযোগস্থল লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর নামক এলাকায় পেট্রলপাম্প করার জন্য ৩২ শতাংশ জমি কিনেছেন মাহমুদুল হাসান। পাটগ্রাম উপজেলা কলেজ মোড় বাইপাস সড়ক ঘেঁষে ২০ শতাংশ এবং বাউরা ইউনিয়নের আরেফা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে ২৭ শতাংশ জমি কিনেছেন মাহমুদুল।
রাজধানী ঢাকার শ্যামলীতে এক কোটি ৪৫ লাখ টাকা দামের একটি ফ্ল্যাটও কিনেছেন মাহমুদুল। ইতিমধ্যে ৪০ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরের প্রাইম মেডিকেলের পাশেও কয়েক কাঠা জমি আছে মাহমুদুলের।
ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগসহ বিপুল সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধেও তো অনেক অভিযোগ আছে। লোকজন এগুলো বলেই থাকে।’
মাহমুদুল হাসান বলেন, ‘আমার নিজের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। কিন্তু আমার তো কাজ করার অভিজ্ঞতা নেই। তাই ঠিকাদার আবদুল হাকিমের সঙ্গে পাটগ্রামে ধরলা সেতুর কাজ করেছি। কিন্তু সেখানে আমি ও আমার চাচা রন্টু মিলে চার লাখ ৯৮ হাজার টাকা লস খাইছি। স্কুল নির্মাণের কাজ আমি করিনি। স্থানীয় ঠিকাদারেরা সেই কাজ করেছে।’
নিজের সম্পদের বিষয়ে জানতে চাইলে মাহমুদুল হাসান বলেন, ‘হাতীবান্ধা সদরে আমাদের কোনো বাড়ি ছিল না। তাই বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি ওই বাড়ির কাজ শুরু করেছি। কিন্তু শেষ করতে পারিনি। আর পেট্রলপাম্প করার জন্য আমি কৃষিজমি কিনেছি।’
মাহমুদুল হাসান বলেন, ‘ঢাকার এক কাঠা জমির তুলনায় তো লালমনিরহাটের সম্পদ কিছু নয়। আমার এখানে এক জায়গায় ১০ শতাংশ, এক জায়গায় ১৫ শতাংশ এবং আরেক জায়গায় ২০ শতাংশ জমি আছে। এর দাম ১০ থেকে ১২ লাখ টাকার বেশি হবে না।’
ঢাকায়ও তো আপনার দেড় কোটি টাকার ফ্ল্যাট রয়েছে।
—কে বলেছে?
আপনি তো ওই ফ্ল্যাটের জন্য ৪০ লাখ টাকা অগ্রিম দিয়েছেন।
—তাহলে কি কেনা হলো?
—রংপুরে কি আপনার জমি আছে?
—সেটা বাবার জমি। ১৯৭৮ সালে বাবা ওই জমি কিনেছিলেন।
মাহমুদুল হাসান একপর্যায়ে বলেন, ‘লালমনিরহাটে কি আমার সম্পর্কে কেবল খারাপ কথাই শুনেছেন। আমি আগে গ্রামীণফোনে চাকরি করতাম। তখন আমি অনেক টাকা জমিয়েছি। আর গত পাঁচ বছরে যা আয় করেছি, তার চেয়ে দেড় গুণ খরচ করেছি। এখনো আমার ৪০ লাখ টাকার দেনা রয়েছে।’
এসব সম্পদ তো আপনার বাবা হলফনামায় দেখাননি।
—এগুলো কি দেখানোর মতো সম্পদ? আমার তো তা মনে হয় না। তাই হয়তো আব্বা দেখাননি।
হাতীবান্ধা ও পাটগ্রামের স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, কেবল মাহমুদুলই নন, মোতাহার হোসেনের ভাই আবু বকর সিদ্দিক, মোয়াজ্জেম হোসেন, চাচাতো ভাই আলমগীর হোসেন, নজরুল হোসেন, শ্যালিকা রেজিনাসহ পরিবারের সবাই গত পাঁচ বছরে সম্পদশালী হয়েছেন।
২০০৮ সালে দেওয়া হলফনামায় মোতাহার হোসেনের বার্ষিক আয় ছিল দুই লাখ ৮৬ হাজার টাকা। আর এবারের হলফনামায় তিনি বলেছেন তাঁর বার্ষিক আয় ১৯ লাখ দুই হাজার ৩২০ টাকা।
২০০৮ সালে হলফনামায় প্রতিমন্ত্রী নগদ টাকা দেখিয়েছিলেন ৮৫ হাজার। এবার ১৬ লাখ ৬১ হাজার ১৭৭ টাকা। গতবার তিনি মোট ১০ লাখ ৪৬ হাজার ২৯০ টাকার অস্থাবর সম্পদ দেখান। এবার ৯৪ লাখ ৫ হাজার ১৭৭ টাকার।
২০০৮ সালের হলফনামায় মোতাহার হোসেন তাঁর স্ত্রীর নামে ৭২ হাজার টাকা মূল্যের ৭ দশমিক ১২ একর কৃষিজমি এবং ৮৫ হাজার টাকা মূল্যের ০.৬২ একর অকৃষিজমি দেখান। কিন্তু এবার তিনি তাঁর স্ত্রীর নামে কোনো সম্পদ বা অর্থ দেখাননি।
মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকায় রাজউকের একটি প্লট ও একটি নতুন গাড়ি কেনায় তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে। তবে হলফনামায় বর্ণিত সম্পদের বাইরে তার আর কিছু নেই। স্ত্রী ও ছেলের নামে থাকা সম্পদ না দেখানোর কারণ সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি।